Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় চাষিদের তৈলবীজ চাষের প্রশিক্ষণ

নিতুড়িয়ায় চাষিদের তৈলবীজ চাষের প্রশিক্ষণ
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া ব্লক কৃষিদপ্তরের তরফে দু’দিনের তৈলবীজ চাষের প্রশিক্ষণ শিবির হয়েছে। মঙ্গলবার কৃষিদপ্তরের তরফে কৃষকবাজারে ৫০জন প্রগতিশীল চাষিকে নিয়ে শিবিরটি শুরু হয়। শিবিরে পুরুলিয়া জেলা উপ-কৃষি অধিকর্তা মোহনলাল মুর্মু, রঘুনাথপুর মহকুমা সহ-কৃষি অধিকর্তা(প্রশাসন) অধিকারী মুর্মু, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
কৃষিদপ্তর জানিয়েছে, এবছর ধানের চাষ ভালো হয়েছে। তবে লাগাতার বৃষ্টির কারণে সব্জি চাষিরা ঠিকমতো ফসল তুলতে পারেননি। এখন সূর্যমুখী, সরষের মতো তৈলবীজ চাষের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল। তাই তৈলবীজ চাষ করলে চাষিরা বিশেষ লাভবান হবে। কারণ এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় নদীনালা, খালবিল, পুকুর জলে ভরে রয়েছে। ফলে সেচের অসুবিধা নেই। তাই কীভাবে তৈলবীজ চাষ ও উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াকরণ করা যায়-সেবিষয়ে প্রশিক্ষণ শিবিরে চাষিদের অবহিত করা হচ্ছে।
শিবিরে উপস্থিত চাষি নিত্যলাল মণ্ডল, মেঘনাথ বাউরি, বাবুসিং সোরেন বলেন, উন্নত পদ্ধতিতে তৈলবীজ চাষের পরিকল্পনার বিষয়ে জানলাম। কী করে বেশি উৎপাদন করা যাবে, উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াকরণ কীভাবে করতে হবে-সেসব বিস্তারিত জানানো হয়েছে।
নিতুড়িয়া ব্লক সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন, এখন চাষিদের লাভবান হতে গেলে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষ করতে হবে। তাই এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ