Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় বীজ, সার, কীটনাশকের দোকান পরিদর্শনে কৃষি দপ্তর

নিতুড়িয়ায় বীজ, সার, কীটনাশকের দোকান পরিদর্শনে কৃষি দপ্তর
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার নিতুড়িয়া ব্লক কৃষি দপ্তরের তরফ থেকে কৃষি ভান্ডার (বীজ, সার ও কীটনাশক) দোকানগুলি পরিদর্শন করা হয়। এদিন ব্লকের পারবেলিয়া ও সরবড়িতে অবস্থিত তিনটি দোকান পরিদর্শন করা হয়। সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানগুলি থেকে কৃষকেরা সঠিক দামে জিনিসপত্র পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। এছাড়া দোকানগুলি থেকে যে সার, বীজ, কীটনাশক দেওয়া হচ্ছে তা কতটা উন্নত মানের ও চাষের ক্ষেত্রে কতটা উপযোগী তাও খতিয়ে দেখা হয়। দোকানগুলি থেকে বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আমন ধানের মরশুম শেষ হয়ে গিয়েছে। রবি মরশুম শুরু হয়েছে। এ’বছর বৃষ্টিপাতের জন্য আমন ধানের ফলন আশানুরূপ ভালো হয়েছে। তাই চাষিরা রবি মরশুমে বিভিন্ন ধরনের সব্জি চাষের পাশাপাশি তৈল বীজ হিসাবে সর্ষে চাষের পরিকল্পনা নিয়েছে। তাই সেই সব ফসলের বীজ, বিভিন্ন প্রকার সার, কীটনাশক কিনতে শুরু করেছে। চাষিরা যে সমস্ত কৃষি উপকরণ কিনছে তাদের গুণগত মান ঠিক ঠাক আছে কি না তা দেখার জন্য দোকানগুলি পরিদর্শন করা হচ্ছে। তার জন্য দোকানে বিক্রি করা প্রতিটি উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সংগ্রহ করা উপকরণগুলি বিভিন্ন গবেষণাগারে পাঠিয়ে তা যাচাই করে সঠিক তথ্য নেওয়া হবে। পরীক্ষা করে দেখা হবে চাষিরা যাতে সঠিক গুণমান সম্পন্ন উপকরণ পাচ্ছে কি না। তার জন্য কিছু দপ্তরে এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। নিতুড়িয়া ব্লক সহ - কৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন, এদিন বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন কৃষি উপকরণ সামগ্রিক সংগ্রহ করা হয়েছে। দোকানগুলি থেকে যে বীজের নমুনা সংগ্রহ করা হয়েছে তা নমুনা পরীক্ষার জন্য বাঁকুড়া কৃষি ভবন বীজ পরীক্ষা কেন্দ্র এবং সংগ্রহ করা সার, কীটনাশক মেদিনীপুর কৃষি ভবনে পাঠানো হবে। কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে কৃষি দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ