সংবাদদাতা, রঘুনাথপুর: জটিল রোগের ভোগায় মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। তাঁর নাম চিন্তা বাউরি(৬৯)। তাঁর বাড়ি নিতুড়িয়া থানার নাড়াগোড়িয়া গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে ওই বৃদ্ধা আত্মঘাতী হন। গ্রামবাসীরা জানান, চিন্তাদেবী কয়েকদিন ধরে পেটের জটিল রোগে ভুগছিলেন। ডাক্তার দেখানোর পর পেটের সমস্যা ঠিক না হওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে খাবার খেয়ে বৃদ্ধা ঘুমাতে যান। আনুমানিক রাত ১টার সময় হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। পরিবারের সকলে বাইরে বেরিয়ে চিন্তাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।



