Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিষেধাজ্ঞা উড়িয়ে শান্তিনিকেতনের লায়েকবাজারে পোস্ত চাষ

নিষেধাজ্ঞা উড়িয়ে শান্তিনিকেতনের লায়েকবাজারে পোস্ত চাষ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতন থানা এলাকায় পুলিস-প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে পোস্ত চাষের অভিযোগ উঠল। সংশ্লিষ্ট থানার লায়েকবাজার রূপান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক ব্যক্তি নিজের বাগানে অবৈধভাবে ওই পোস্ত চাষ করছিলেন। ফলনও বেশ ভালোই হয়েছিল। কিন্তু তার আগে বিষয়টি নজরে আসতেই শনিবার রাত থেকেই বাগানটি ঘিরে রেখেছে শান্তিনিকেতন থানার পুলিস। তবে, এতদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই অবৈধ চাষ করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। 
Advertisement
ভারতে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট(১৯৮৫ সাল) এর অধীনে পোস্ত চাষ সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তি হতে পারে, যার মধ্যে কারাদণ্ড এবং জরিমানা রয়েছে। এটি মাদক তৈরির প্রধান উৎস। পোস্তর ফলের আঠা থেকে মূলত আফিম তৈরি হয়। যা হেরোইন এবং অন্যান্য মাদকের মূল উপাদান। তবে পোস্তর বাজারদরও বেশ ভালো। এই ধরনের ঘটনা প্রশাসনের নজরে এলেই পোস্ত গাছ নষ্ট করে জেলা প্রশাসন। কিন্তু তারপরও অনেকে অবৈধভাবে এই চাষ করে। লায়েকবাজার এলাকায় এর চাষ হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে পোস্ত চাষ হচ্ছে জানতে পেরে শনিবার রাত থেকেই খেত ঘিরে রাখা হয়েছে। আজ, সোমবার সেগুলি নষ্ট করা হবে। যদিও অভিযুক্ত ওই ব্যক্তি বলেন, পরীক্ষামূলকভাবে পোস্ত চাষ করেছিলাম। পোস্ত চাষ আইনত নিষিদ্ধ তা জানা ছিল না। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, আইনি ব্যবস্থা নিতে শান্তিনিকেতন থানাকে নির্দেশ দিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ