Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিষেধাজ্ঞা উড়িয়ে ডোমকলে তারস্বরে ডিজে প্রতিযোগিতা

নিষেধাজ্ঞা উড়িয়ে ডোমকলে তারস্বরে ডিজে প্রতিযোগিতা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: খাতায় কলমে নিষিদ্ধ ডিজে। রয়েছে পুলিসি কড়াকড়ি। তবে সরকারি সেই বিধিনিষেধকে থোড়াই কেয়ার করছেন তরুণ প্রজন্মের একাংশ। ডিজে বাজিয়েই চলছে পিকনিক। ডিজের পাহাড় সাজিয়ে মুখোমুখি চলছে পিকনিক করতে আসা দুই পক্ষের অলিখিত প্রতিযোগিতা। এই অত্যাচার শুধু একটি কিংবা দু’টি থানা এলাকাতেই নয়, ডোমকল মহকুমার প্রায় সবক’টি থানা এলাকাতেই চলছে ডিজের তাণ্ডব। ডিজের শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষও। আর পুলিস? তারা আপাতত নীরব দর্শকই!
Advertisement
নতুন বছর পড়তেই চারিদিকে শুরু হয়েছে পিকনিক। এখন পিকনিক মানেই শুধু ভালো খাওয়া দাওয়া নয়, সেই সঙ্গে থাকছে ডিজে। সোমবার ডোমকলের একটি মাঠে গিয়ে দেখা গেল, ফসলের খেতের দু’পারে ১০০ মিটার দূরত্বে রীতিমতো ডিজের পাহাড় সাজানো হয়েছে। তবে শুধু ডিজে নয়, দু’দিকেই বাঁশের মাথায় বাঁধা হয়েছিল অন্তত ৫০টি মাইক। দু’পক্ষের ডিজের অভিমুখই ঘোরানো একে অপরের দিকে। সেই শব্দের অত্যাচারে বাসিন্দারা অতিষ্ঠ হলেও অশান্তির আশঙ্কায় কেউ মুখ খুলতেও চাননি। পক্ষীপ্রেমী সৌমদীপ মণ্ডল বলেন, এই সময় বিভিন্ন বিলে পরিযায়ী পাখিরা আসে। তারা নিরিবিলি স্থান পছন্দ করে। এই ধরনের শব্দে পাখিদেরও সমস্যা হচ্ছে। অবশ্য ডোমকল এসডিপিও শুভম বাজাজ বলেন, ডিজে বন্ধে আমাদের বিভিন্ন এলাকায় অভিযান চলছে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ