সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার ভরসন্ধ্যায় আলিপুরদুয়ার জেলা শহরের নিষিদ্ধপল্লিতে শ্যুটআউট। স্থানীয় বাসিন্দা এক মহিলাকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় এক যুবক। ওই গুলি সরাসরি মাথায় লেগে কৌশল্যা মাহাত (৬০) নামে ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। যুবকটি এরপর কিছুটা দূরে গিয়ে এক কিশোরকে লক্ষ্য করে গুলি করে। বিশ্বরবি দাস নামে ওই কিশোরের পায়ে গুলি লাগে। শহরের ১০ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় ঘটনাটি ঘটে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পিছনে ১৩ নম্বর ওয়ার্ডের ইটখোলা দিয়ে ওই যুবক পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। গণধোলাইয়ে ওই যুবকেরও মৃত্যু হয়।
Advertisement
এই ঘটনায় আলিপুরদুয়ার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এমপি ও আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস উত্তেজিত জনতার হাত থেকে গুরুতর জখম অজ্ঞাতপরিচয় ওই যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। জখম কিশোরেরও চিকিৎসা চলছে হাসপাতালে। জেলা হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরের পায়ে অপারেশন করতে হবে। ময়নাতদন্তের জন্য মহিলার দেহটি হাসপাতালে পাঠিয়েছে পুলিস। তবে ঠিক কী কারণে ওই মহিলাকে যুবকটি গুলি করে মারল রাত পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।
গণধোলাইয়ে যুবকটির মৃত্যু হওয়ায় রাত পর্যন্ত তার পরিচয়ও পুলিস জানতে পারেনি। ঘটনার পর পুলিস এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
গণধোলাইয়ে যুবকটির মৃত্যু হওয়ায় রাত পর্যন্ত তার পরিচয়ও পুলিস জানতে পারেনি। ঘটনার পর পুলিস এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



