Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিশীথের এলাকা ভেটাগুড়িতেও বিপুল ভোটের লিড তৃণমূল প্রার্থীর

নিশীথের এলাকা ভেটাগুড়িতেও বিপুল ভোটের লিড তৃণমূল প্রার্থীর
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: সিতাই উপ নির্বাচনে বিজেপির প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা  ভেটাগুড়িতেও বিপুল ভোটের লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়।  এখানে বিজেপি থেকে ৫৭২০ ভোট বেশি পেয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনে নিশীথ হারতেই হাতছাড়া হয়েছে বিজেপির দখলে থাকা ভেটাগুড়ির দু’টি গ্রাম পঞ্চায়েত সহ মাতালহাট গ্রাম পঞ্চায়েত। শনিবার উপ নির্বাচনের ফলাফল বের হতেই দেখা গেল, ভেটাগুড়ি-২ পঞ্চায়েতের ১৫টি বুথেই তৃণমূল প্রার্থীর চেয়ে অনেক কম ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দীপক রায়। তারমধ্যে দু’টি বুথে তো তিন অঙ্কের  ঘরেই পৌঁছতে পারেননি গেরুয়া শিবিরের প্রার্থী। লোকসভার পর নিজের বাড়ির এলাকাতেই যে নিশীথের  ম্যাজিক ভ্যানিশ হয়ে গেল সেকথা ফের একবার প্রমাণ হল বলেই মনে করছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলের। গত পঞ্চায়েত ভোটে সিতাই বিধানসভার অন্তর্গত ভেটাগুড়ি-২ ও মাতালহাট পঞ্চায়েত বিজেপির দখলে যায়। কিন্তু লোকসভা ভোটে নিশীথের পরাজয়ের পরেই এই তিন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা তৃণমূলে যোগ দেন। এতে পঞ্চায়েতগুলি বিজেপির হাতছাড়া হয়ে যায়। 
Advertisement
উপ নির্বাচনে ভেটাগুড়ি -২ পঞ্চায়েতের ১৫টি বুথে তৃণমূল যেখানে পেয়েছে ৮২৫৫ ভোট, সেখানে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ২,৫৩৫।  শুধু এই পঞ্চায়েতেই তৃণমূল লিড পেয়েছে ৫৭২০ ভোট। এছাড়া একটি বুথেও লিড পাননি গেরুয়া শিবিরের প্রার্থী। ফলে গোটা বিধানসভার পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এলাকাতেও ভরাডুবি হয়েছে পদ্ম শিবিরের। ফলে নিশীথের নিজের এলাকাতেই কার্যত বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেল বলে জোর চর্চা শুরু হয়েছে খোদ গেরুয়া শিবিরের অন্দরেই।
তৃণমূলের জয়ী প্রার্থী  সঙ্গীতা রায় বলেন, লোকসভা ভোটে মানুষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিয়েছে। বাকিটুকু উপ নির্বাচনে মানুষ তৃণমূলের পাশে থেকে বিজেপিকে সিতাই থেকে নির্মূল করে দিয়েছে। ভোটে দলের এমন ভরাডুবি নিয়ে  নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, চাপা সন্ত্রাসের মধ্যদিয়ে ওখানে ভোট হয়েছে। তাই এমন ফল হয়েছে। ২৬ এর ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবে।
সম্পর্কিত সংবাদ