সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের আপ্ত সহায়কের পরিচয় দিয়ে চাকরির নাম করে টাকা লোপাটের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিস। দুর্নীতির শিকড় খুঁজতে কোচবিহার জেলার যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। সেইসঙ্গে অভিযুক্তের খোঁজ চলছে। যারা থানায় অভিযোগ করেছিল তাদের সঙ্গে কথাবার্তা চলছে পুলিসের। পাশাপাশি অভিযুক্ত পরিমল রায়ের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। নিশীথ প্রামাণিকের আপ্ত সহায়কের পরিচয় দিয়ে লোকজনকে চাকরির টোপ দিয়ে টাকা তুলেছিল কোচবিহারের সিতাইয়ের বাসিন্দা পরিমল রায়। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় ছ’টি অভিযোগ জমা পড়েছে। নিশীথবাবু অবশ্য আগেই জানিয়েছেন, তিনি পরিমল বলে কাউকে চেনেন না। জলপাইগুড়ির পুলিস সুপার খন্ডবাহালে উমেশ গণপত বলেন, সমস্ত ঘটনা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অভিযোগকারীদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। তাঁদের সঙ্গেও কথা বলা হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের এলাকায় তদন্তকারী আধিকারিক গিয়েছিলেন। সেখানে স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তের খোঁজ চলছে। এদিকে বুধবারও অভিযুক্ত পরিমলকে ফোন করা হলে তাঁর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।



