সংবাদদাতা, পতিরাম: নেশার জন্য টাকা দাবি। সেই টাকা না দেওয়ায় এক যুবককে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। অভিযোগ, ওই যুবক বালুরঘাটের চকভৃগু সেতুর উপর দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পরিচিত দু’জন এসে ওই যুবকের কাছে টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় পরে একটি দোকানের সামনে যেতেই ওই যুবকের উপর তারা হামলা চালায়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ওই যুবকের চোখে ও মাথায় গুরুতর চোট লেগেছে। ফলে চোখে দেখতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে বালুরঘাট থানায় চকভৃগুর বাসিন্দা ওই যুবক তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



