Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশার টাকা না দেওয়ায় মাকে খুন ছেলের

নেশার টাকা না দেওয়ায় মাকে খুন ছেলের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: নেশার জন্য মাত্র ২০ টাকা না পেয়ে মাকে কুড়ুল দিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়া এলাকায়। ঘটনার পর পরিবারের অন্য সদস্যরা অভিযুক্তকে বাড়িতেই দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পরে হবিবপুর থানার পুলিস গ্রেপ্তার করে নিয়ে যায়।
Advertisement
পরিবার সূত্রে খবর, মৃতার নাম আরতি সিংহ (৫৬)। পিতৃহীন কৌশিক সিংহ বাড়িতে মায়ের সঙ্গে থাকত। এক বোনের বিয়ে হয়ে গিয়েছে। আগে কৌশিক সাইকেল সারাইয়ের দোকান চালাত। মানসিক সমস্যার জন্য সেই দোকান বন্ধ করে দেয়। কিছুদিন ধরে বাড়িতে একটি ঘরে বসে বিভিন্ন নেশা করে দিন কাটছিল তার। তা নিয়ে মাঝেমধ্যে মায়ের সঙ্গে ঝামেলা হতো। মঙ্গলবার দুপুরে নেশা করার জন্য মায়ের কাছে ২০ টাকা চায় কৌশিক। টাকা না দেওয়ায় দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আরতি রান্না করার সময় পিছন থেকে ছেলে মাথায় কুড়ুল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 
মৃতার বোন বন্দনা সরকার বলেন, অভাবের সংসারে হাল ধরতে দিদিকে জুটমিলে শ্রমিকের কাজ করতে হতো। খুব কষ্টে সংসার চালাচ্ছিল। কৌশিক সারাদিন বাড়িতে বসে থাকত। মাঝে মধ্যে নেশা করার টাকা চাইত। না দেওয়াতেই খুন করেছে।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ