সংবাদদাতা, কুমারগ্রাম: গত রবিবার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়ির অন্তর্গত একটি গ্রামে ১৭ বছরের এক নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছিল। তার গোপনাঙ্গে বাইকের চাবি দিয়ে আঘাত করা হয়েছিল। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর থমথমে রয়েছে নাবালিকার গ্রামের পরিবেশ। স্থানীয়দের মধ্যেও আতঙ্ক গ্রাস করছে। বুধবার নাবালিকার বাড়িতে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। যদিও সেসময় নাবালিকার পরিবারের সদস্যদের কেউই বাড়িতে ছিলেন না। আর এ বিষয়টি নিয়ে সরব হতে দেখা যায় বিধায়ককে। তিনি সরাসরি শাসকদলের বিরুদ্ধে আঙুল তোলেন। তবে নাবালিকার পরিবারের কাউকে না পেয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে নানা বিষয়ে আলোচনা করেন বিধায়ক। স্থানীয়দের কাছ থেকে রবিবারের ঘটনার খোঁজখবর নেন তিনি।
Advertisement
এলাকায় বাসিন্দারা বিধায়ককে জানান, রবিবারের ঘটনার পর তাঁরা ভীষণ আতঙ্কে রয়েছেন। বিধায়ক বলেন, আমি নাবালিকার বাড়িতে আসব শুনে শাসকদল নাবালিকার পরিবারের সদস্যদের সরিয়ে দিয়েছে। ১৭ বছরের নাবালিকার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু পুলিস এখনও অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা চাইছি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদিও শাসক দলের তরফে বিধায়কের এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার-২ ব্লক সভাপতি তথা আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, বিধায়ক মনোজবাবু মিথ্যা অভিযোগ করছেন। আমাদের দল এই ধরনের কাজকে কখনই সমর্থন করে না।



