সংবাদদাতা, হবিবপুর: কালীপুজোর রাতে হবিবপুর ব্লকের ঋষিপুর এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সেই নির্যাতিতার সঙ্গে দেখা করতে মঙ্গলবার তাঁর বাড়িতে এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। সন্ধ্যা নাগাদ লীনার গাড়ি ঢুকতেই তাঁর সঙ্গে সরাসরি কথা বলার জন্য রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে ছিলেন গ্রামের প্রায় দু’শো মহিলা। তাঁদের দাবি, সিভিকের বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়।
Advertisement
লীনা নির্যাতিতার বাড়ি গিয়ে প্রথমে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। তিনি বাইরে বেরতেই গ্রামের মহিলারা নির্যাতিতার বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েন। গ্রামের মহিলারা জানান, অভিযুক্ত নির্দোষ। অত্যন্ত ভদ্র বলে এলাকায় পরিচিত। মিথ্যে অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করছেন ওই মহিলা। স্থানীয় অনিতা মণ্ডল বলেন, ঘটনার আসল তথ্য কমিশনের সদস্যকে জানিয়েছি। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। নির্যাতিতা এদিন বলেছেন, কমিশনের ম্যাডামকে সব জানিয়েছি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছি তাঁকে। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।



