সংবাদদাতা, পতিরাম: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে জেলে রয়েছে তৃণমূলের দাপুটে নেতা রাকেশ শীল। জেলে থাকলেও বাইরে থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে নির্যাতিতার মামিমাকে। কখনও ফোনে, আবার কখনও পরোক্ষভাবে হুমকি দেওয়া হচ্ছে। এনিয়ে ফের বালুরঘাট থানার দ্বারস্থ হলেন নির্যাতিতার মামি। অভিযোগ, রাকেশের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কখনও হুমকি প্রদানকারীরা নিজেদের পুলিস ও রাকেশের ঘনিষ্ঠ বলে দাবি করছে। ফলে রীতিমতো আতঙ্কে নাবালিকার মামি। তিনি পুলিসের দ্বারস্থ হয়েছেন। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, ওই ঘটনায় অভিযুক্ত জেলে রয়েছে। অভিযোগকারী আরও একটি লিখিত অভিযোগ করেছেন। মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
অভিযোগ, কাজে ঢুকিয়ে দেওয়ার নাম করে বালুরঘাটের গ্রামের এক নাবালিকা ও তার মামিমাকে নিজের দোকান ঘরে ডেকে এনে যৌন হেনস্তা করে অভিযুক্ত রাকেশ। লিখিত অভিযোগ দায়ের হতেই বালুরঘাট থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত তৃণমূল নেতা। এরপর প্রায় তিনমাস পুলিস তাকে ধরতে পারেনি। অবশেষে ওই তৃণমূল নেতা বালুরঘাট জেলা আদালতে আত্মসমর্পণ করে। এরপর থেকে জেল হেফাজতে রয়েছে সে। কিন্তু জেলে থেকেও তার লোকেদের দিয়ে নাবালিকার মামিকে হুমকি দিচ্ছে রাকেশ। নির্যাতিতার মামি বলেন, আমাকে ফোনে হুমকি দিচ্ছে। খুব ভয়ে আছি।



