সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার দুপুরে পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের নারায়ণপুরে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জখম আরও এক ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম পরিচয় জানা যায়নি। তাঁর বাড়ি সম্ভবত বিহারে। পুরাতন মালদহে ভাড়া বাড়িতে থাকতেন। একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক বাইক নিয়ে নারায়ণপুর থেকে গাজোলের দিকে যাচ্ছিলেন। অপরদিকে আর একটি বাইক গাজোল থেকে পুরাতন মালদহে আসছিল। দু’টি বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।



