Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

নর্তক শান্তিদেব

নর্তক শান্তিদেব
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
রবীন্দ্র সঙ্গীতের সাধক হিসেবে জগৎজোড়া পরিচিতি শান্তিদেব ঘোষের। তবে গায়ক শান্তিদেব ঘোষের আড়ালে প্রায়ই ঢাকা পড়ে যান নৃত্যশিল্পী শান্তিদেব। বস্তুত রবীন্দ্রনাথের ইচ্ছাতেই নাচ শিখেছিলেন তিনি। অনেকেই বলেন, সাহিত্য ভাবনাকে মঞ্চে তুলে ধরার জন্য ‘শিক্ষিত দেহ’ খুঁজেছিলেন কবিগুরু। সেই ভারই তিনি শান্তদেবকে দিয়েছিলেন। আর শান্তিদেব চেষ্টার কোনও কসুর করেননি। শান্তিদেব ঘোষ সর্বপ্রথম শান্তিনিকেতন আশ্রমে মণিপুরি আঙ্গিকে নৃত্য শিখতে শুরু করেন বুদ্ধিমন্ত সিং ও নবকুমার সিংয়ের কাছে। কেরলে গিয়ে কথাকলি নৃত্য শেখেন। একবার একা শ্রীলঙ্কা গিয়েছিলেন ক্যান্ডি ডান্স শেখার জন্য। পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন নৃত্য-গবেষক। শুধু কী তাই, শান্তিনিকেতন ঘরানার নৃত্যশিল্পের অন্যতম কান্ডারী হয়ে রবীন্দ্র-নৃত্যনাট্য পরিবেশন করেছেন বিশ্বের বহু দেশে। স্বয়ং রবীন্দ্রনাথ শান্তিদেবকে 
Advertisement
১৯৩৪ সালে পাঠিয়েছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে। ৪০ জন সদস্য নিয়ে গিয়ে সেবার ‘শাপমোচন’ নৃত্যনাট্য পরিবেশন করেন। নানা ধারার নাচ শিখে তিনি প্রয়োগ করেছেন রবীন্দ্র সৃষ্ট নানা চরিত্রে। তাঁর অভিনয়ে ‘চিত্রাঙ্গদা’র অর্জুন, ‘শ্যামা’র কোটাল, ‘চণ্ডালিকা’য় প্রহরী আরও বাঙ্ময় হয়ে ওঠে। কেমন ছিল শান্তিদেবের নৃত্যকৌশল? শান্তিদেব ঘোষের ছাত্র সঙ্গীত শিল্পী মোহন সিং খাঙ্গুরা’র কথায় ‘তাসের দেশ-এ রাজা ও রাজপুত্র চরিত্রে শান্তিদা অসাধারণ নাচ করতেন।’ জীবনের উপান্তে এসেও নৃত্যচর্চা জারি রেখেছিলেন শান্তিদেব। প্রবীণ বয়সে কলকাতার এক অনুষ্ঠানে ‘ফাল্গুনী’-তে বাউল বেশে তাঁর নৃত্য ও অভিনয় প্রশংসা লাভ করে। প্রসঙ্গত সেবার তাঁর সঙ্গে নাচের সুযোগ পেয়েছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী অলকানন্দা রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে শুরু হলেও গানের পাশাপাশি নৃত্যও যে তাঁকে বরাবর আকর্ষণ করেছে, বিভিন্ন সময়ে তা বলেছেন শান্তিদেব নিজেই।
সম্পর্কিত সংবাদ