Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন’মাস পেরলেও শেষ হয়নি পথশ্রী প্রকল্পের কাজ, ক্ষোভ বক্সিগঞ্জে

ন’মাস পেরলেও শেষ হয়নি পথশ্রী প্রকল্পের কাজ, ক্ষোভ বক্সিগঞ্জে
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের সময়সীমা শেষ হলেও কাজই শেষ হয়নি। ভাঙা রাস্তা দিয়েই চলাচল করছেন বাসিন্দারা। এতে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা।
Advertisement
হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিডব্লু রোড থেকে পিএমজি রোড পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এবছর পথশ্রী প্রকল্পের অধীনে শুরু হয় রাস্তা নির্মাণ। দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে এই আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। কিন্তু সেই খুশি ম্লান হয়ে যায় কিছু দিনের মধ্যেই।
কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে ৫৩লক্ষ টাকা ব্যয়ে ১৬০০মিটার এই রাস্তার কাজ শুরু হয় গত ১৪মার্চ। রাস্তা নির্মাণের শেষ তারিখ নির্ধারণ করা হয়নি বোর্ডে। কিন্তু, পথশ্রী প্রকল্পের কাজ শুরু থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। কিন্তু কাজ শুরু থেকে নয় মাস হতে চললেও আজও শেষ হয়নি সেই রাস্তার কাজ। রাস্তার নীচের পাথর বিছানো হলেও তার উপর পিচের প্রলেপ পরেনি। স্বাভাবিকভাবেই স্থানীয়রা ক্ষুব্ধ। এই ব্যাপারে আজমা বেগম নামে এক পড়ুয়া বলেন, রাস্তার বেহাল থাকায় সাইকেল নিয়ে চলাচল করতে হয় এই রাস্তা দিয়ে। সকালে ঘন কুয়াশার ছেড়ে সাইকেলের সামনের চাকায় পাথর লেগে অনেকেই পরে গিয়ে  আহত হয়েছেন। আমরা চাই, এই রাস্তার কাজ দ্রুত শেষ করুক প্রশাসন। স্থানীয় বাসিন্দা সুরেশ সরকার, ডালিম মহম্মদ বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব। পথশ্রী প্রকল্পের কাজ শুরু থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। কিন্তু এই কাজ শুরুর নয় মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত শেষ হয়নি রাস্তার কাজ। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে হলদিবাড়ি বাজারে যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকায় খুব সমস্যায় আছি আমরা। এবিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি। 
সম্পর্কিত সংবাদ