Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নার্স মৃত্যু কাণ্ড: সুপারকে ঘিরে ফের বিক্ষোভ বালুরঘাট জেলা হাসপাতালে

নার্স মৃত্যু কাণ্ড: সুপারকে ঘিরে ফের বিক্ষোভ বালুরঘাট জেলা হাসপাতালে
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট জেলা হাসপাতালের এক নার্সের মৃত্যুর পর এখনও ক্ষোভে ফুঁসছেন তাঁর সহকর্মী নার্সরা। অভিযোগ, তদন্ত সঠিক গতিতে এগোচ্ছে না। এমনকি নার্সরা নিজেদের জন্য সিসিইউ বেড মজুত রাখার দাবি জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা করেনি। এমন একাধিক দাবিতে বুধবার ফের বালুরঘাট জেলা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন নার্সরা। বিকেলে দীর্ঘক্ষণ সুপারের ঘরে ঢুকে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস। এছাড়াও আসে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তরের ডেপুটি সিএমওইচ-১।  তিনিও নার্সদের ক্ষোভের মুখে পড়েন। অবশেষে সুপারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নার্সের মৃত্যু নিয়ে ১৫জনের তদন্ত কমিটি গঠন হয়েছে। বাকি নার্সদেরও দাবি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে। 
Advertisement
এদিন বিক্ষোভের পর সংবাদমাধ্যমের কাছে কেউ মুখ খুলতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, তাঁরা এর আগেও একাধিক দাবি নিয়ে সুপারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আশ্বাস ছাড়া কিছু মেলেনি। তাই আজ ফের দাবি জানিয়েছি। দাবি পূরণ না হলে দের আন্দোলন আরও বড় হবে। 
তবে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, নার্সের কিভাবে মৃত্যু হল, তা নিয়ে ১৫জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে রিপোর্ট নিয়ে নার্সদের সঙ্গে কথা বলে রাজ্যে পাঠানো হবে। নার্সদের আরও কিছু দাবি রয়েছে। সেগুলি আমরা দেখছি। 
হাসপাতালে সূত্রের খবর, ছন্দা বর্মন নামে ওই নার্সের মৃত্যুর পর পরিবার এবং সহকর্মীদের মাধ্যমে একাধিক অভিযোগ উঠে এসেছে। জ্বরে আক্রান্ত হলেও সঠিক সময় মত সিসিইউ বেড দেওয়া হয়নি বলে অভিযোগ। এনিয়ে বাকি নার্সরা সরব হয়েছেন। সোমবারও নার্সরা সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, সঠিকভাবে তদন্ত করতে হবে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। নার্সদের জন্য পর্যাপ্ত সিসিইউ বেড, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা  রাখতে হবে। এছাড়াও একাধিক অভিযোগ সামনে এসেছে। বিনা কারণে চাপ, হ্যারাসমেন্ট সহ সঠিক সময়ে চিকিৎসদের অন কলে আসারও দাবি জানানো হয়েছে। এনিয়ে লিখিতভাবে দাবি জানিয়েছেন নার্সরা।
সম্পর্কিত সংবাদ