নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রোগীর আত্মীয়দের সঙ্গে কেমন আচরণ করা উচিত, তা বোঝাতে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে পুলিস। সোমবার প্রশিক্ষণ শিবিরে হুগলির (গ্রামীণ) অতিরিক্ত পুলিস সুপার কৃশাণু রায়, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেডিক্যালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। এসডিপিও বলেন, হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের মানসিক অবস্থা বেশিরভাগ সময়ই ভালো থাকে না। তাই তাঁদের সঙ্গে নম্র ব্যবহার করাই কাম্য। মেডিক্যালে নিরাপত্তারক্ষীদের আচরণ কেমন হওয়া উচিত, তা হাতেকলমে শেখানো হচ্ছে। বুধবার পর্যন্ত এটা চলবে।
Advertisement
আরামবাগ মেডিক্যালের ১০৫জন নিরাপত্তারক্ষীকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকসময় হাসপাতালে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন সময় রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে। সেধরনের ঘটনা এড়াতেই নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।



