Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ রায়গঞ্জ পুলিসের

নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ রায়গঞ্জ পুলিসের
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মালদহের শ্যুটআউট থেকে শিক্ষা নিয়ে ভিআইপিদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মরিয়া রায়গঞ্জ পুলিস জেলা। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক মিলিয়ে রায়গঞ্জের অন্তত ৩০ জন ভিআইপির নিরাপত্তায় নিযুক্ত দেহরক্ষীদের বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করল পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে খবর, যে বা যাঁরা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন,আগে সেই দেহরক্ষীদের বেছে বেছে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। মূলত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপর অতর্কিতে কেউ আক্রমণের চেষ্টা চালালে, কীভাবে দ্রুত  ভিআইপিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কেউ কথা কাটাকাটিতে জড়িয়ে গেলেও কেমন করে ঠান্ডা মাথায় ঘটনাস্থল থেকে জনপ্রতিনিধিকে সরাতে হবে শেখানো হচ্ছে সেসবও। আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়েও দেহরক্ষীদের পুনরায় সতর্ক করা হচ্ছে। এছাড়া ভিআইপিদের অপহরণের চেষ্টা হলে, কেউ পাথর ছুড়লে কী করনীয়, ছিনতাই বা গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে কী করতে হবে, সেবিষয়ে দেহরক্ষীদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। কোনও অনুষ্ঠানে ভিআইপি থাকলে মঞ্চে অবাঞ্ছিত মানুষের ভিড় সরানোর মতো নানা সতর্কতামূলক পদক্ষেপের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দেহরক্ষীদের।
কয়েকদিন আগে মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। যেখানে সুপারি কিলারদের যোগসূত্র কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তারপর থেকেই জেলার নেতানেত্রী থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিকদের দেহরক্ষীদের জন্য দু’দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পুলিস সুপার সানা আখতার বলেন, মালদহের ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ পুলিস জেলার অন্তত ৩০ জন ভিআইপির নিরাপত্তায় নিযুক্ত দেহরক্ষীদের আরও সতর্ক থাকার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিআইপিদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, দু’দিনের প্রশিক্ষণে সেসব সেখানো হচ্ছে। অবাঞ্ছিত ঘটনা এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ