সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহে তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার (বাবলা) খুনের ঘটনার পর নিরাপত্তা আরও বাড়ানো হল রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের। অন্যদিকে, আতঙ্কে ভুগছেন শাসক দলের নেতা-নেত্রীরা। মন্ত্রীর বাড়ি, গাড়ি থেকে শুরু করে দলীয় কার্যালয় সর্বত্রই ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে পুলিস ও দেহরক্ষী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বেই মন্ত্রীকে দু’জন দেহরক্ষী দেওয়া হয়েছিল। দুলাল সরকার খুনের পর রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রীর নিরাপত্তায় আরও পাঁচ জন পুলিস কর্মী মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে চার জন হোম গার্ড ও একজন সাব ইন্সপেক্টর। হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন বলেন, দুলাল সরকার খুনের পর আতঙ্কে রয়েছি। আমি মহিলা। দলীয় কাজ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। নিরাপত্তারক্ষীর জন্য আবেদন করেছিলাম জেলা পুলিসের কাছে। কিন্তু সাড়া দেয়নি। শুধু মন্ত্রীর নিরাপত্তা বেড়েছে শুনেছি। অন্যদিকে আরেক জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, আমি বাংলা বিহার সীমান্ত এলাকায় থাকি। দুলাল সরকার খুনে জড়িত দুই দুষ্কৃতী বিহারের। আমিও আতঙ্কে রয়েছি। পুলিসি নিরাপত্তার জন্য দাবি করব।



