নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোচবিহার জেলার দু’জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হল। কোচবিহার-১ ব্লকের সুকটাবাড়ির বাসিন্দা কবি জনাব উদ্দিন ব্যাপারী ও দিনহাটার বাসিন্দা প্রাক্তন মন্ত্রী ফজলে হককে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের দাবি, সমাজ বিশিষ্ট প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া ভুলে যেতে বসেছে। বিশিষ্টজনরা জীবনের মূল্যবান সময় জাতি ও সমাজ গঠনে ভূমিকা পালন করেন। কিন্তু বয়সের ভারে যখন নুয়ে পড়েন তখন সমাজ অনেক সময় তাঁদেরকে ভুলে যায়। নৈতিক দায়িত্ব বোধ থেকেই তাঁদের এই সম্মান প্রদান করা হল। সংগঠনের পরামর্শ পরিষদের সভাপতি কাওসার আলম ব্যাপারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই প্রবীণ ব্যক্তিদের বাসভবনে গিয়ে সম্মাননাপত্র প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন সিদ্দিক হোসেন, সাহানুর হোসেন, সাওকত হোসেন, ফারহান উল ইসলাম, সম্রাট হক সহ আরও অনেকে।



