সংবাদদাতা, বেলদা: মেলা দেখতে গিয়ে মারামারিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানা এলাকার পলসিটা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম নেপাল পন্ডিত (৩৮)। নেপালের বাড়ি পলসিটার পাশের গ্রাম বড়ামারাতে। মঙ্গলবার পলসিটায় শ্মশানকালী পুজো ছিল। পুজো উপলক্ষ্যে গ্রামে বসেছিল মেলা। আর সেই পুজো দেখতে গিয়েছিলেন নেপাল। তখনই সেখানে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর পরিবারের দাবি, যারা নেপালকে মেরেছে তাদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত পুরনো বিবাদ ছিল। এদিন কালীপুজো উপলক্ষ্যে সকলেই মদ্যপান করেছিল বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস। মারামারির পর অবশ্য রাতে বাড়ি ফিরে যায় নেপাল। বুধবার সকালে বুকে ব্যথা হতে থাকে। তখন মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে মারামারি হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।



