সংবাদদাতা বেলদা: বিদ্যালয় প্রাঙ্গণে চলছে দুয়ারে সরকারের শিবির। আর সেই শিবিরে আসা সাধারণ মানুষের সমস্যা সমাধানে এগিয়ে এলেন বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। বৃহস্পতিবার এমনই চিত্র উঠে এল নারায়ণগড় ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার খালিনা হাই স্কুলে। এদিন বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকারের শিবির হয়েছিল খালিনা হাই স্কুলে। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় হাজার খানেক মানুষ এদিন শিবিরে আসেন। রাজ্য সরকারের ৩৭টি প্রকল্পের সুবিধা এই শিবিরে পাওয়া যাচ্ছিল। আর ওই প্রকল্পগুলির সুবিধা নিতে বিভিন্ন শিবিরে লাইন দিয়ে আবেদনপত্র তুলেছেন গ্রামবাসীরা। আর সেই সমস্ত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে দিতে এগিয়ে এলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকরা। পাশাপাশি এদিন কন্যাশ্রী ক্লাবের সদস্যরাও আবেদনপত্র পূরণ করতে সাহায্য করে।
Advertisement
সেজন্য এদিন আলাদা করে চেয়ার টেবিল পেতে আবেদনপত্র পূরণের ব্যবস্থা করা হয়েছিল। কন্যাশ্রী ক্লাবের সদস্য তথা একাদশ শ্রেণির ছাত্রী সুপ্রিয়া মণ্ডল, সীমা মণ্ডল জানায় এলাকার অনেকেই সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে জানেন না। আর তাই আমরা আবেদনপত্র পূরণ করে দিচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন জানা বলেন, এলাকার মানুষজনের সুবিধে করে দিতে পড়ুয়াদের সঙ্গে নিয়ে আমরাও আবেদনপত্র পূরণ করে দেওয়ার উদ্যোগ নিলাম। এলাকার বাসিন্দা তথা নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল বলেন, স্কুলের পক্ষ থেকে আবেদনপত্র গুলি পূরণ করার উদ্যোগ না নিলে সকলে সময়ে তা জমা দিতে পারতেন না। স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানাই।-নিজস্ব চিত্র



