সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার রাতে শামুকতলা থানার কার্তিকা চা বাগানের রাস্তায় নির্মীয়মাণ একটি কালভার্টে সাইকেল সহ পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম কিষান টোপ্পো (২২)। রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ওই যুবক নির্মীয়মাণ কালভার্টের উপর সাইকেল চালিয়ে দেন। সম্ভবত কালভার্টের হিউম পাইপে পড়ে তিনি আছাড় খেয়েছিলেন। এতেই তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে বাগানের এক চৌকিদার কিষানের মৃতদেহ কালভার্টের উপর পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়তদন্তে পাঠায়। বাগান কর্তৃপক্ষ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, মনে হচ্ছে বেকায়দায় কালভার্টে পড়ে গিয়েই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



