নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ধান, গম, আলু কিংবা অন্যান্য চাষ নিয়ে আমরা ঠিক যতটা আগ্রহী, তার সিকিভাগও নই নারকেল চাষ নিয়ে। অথচ অত্যন্ত লাভজনক পদ্ধতিতে নারকেল চাষ করে হাজার হাজার টাকা অনায়াসেই রোজগার সম্ভব। তিন পুরুষ আগে লাগানো নারকেল গাছ ‘আর ফলন দিচ্ছে না’ বলে কেটে ফেলার আগে কোন পথ অবলম্বন করলে পুনরায় গাছ ভর্তি ফলন সম্ভব? এই ধরনের প্রশ্নের উত্তর মিলল ভারত সরকারের কৃষি মন্ত্রকের নারিকেল উন্নয়ন পর্ষদ আয়োজিত নারকেল চাষিদের কর্মশালায়। হুগলি এবং পূর্ব মেদিনীপুরের নারকেল চাষিদের নিয়ে আয়োজিত হয়েছিল এই বিশেষ প্রশিক্ষণ শিবির।
Advertisement
মঙ্গলবার নারিকেল উন্নয়ন পর্ষদের কলকাতা সেন্টারের উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন ফার্মে সরকারি উদ্যোগে কীভাবে নারকেল চাষ হচ্ছে এবং বিভিন্ন প্রকারভেদে নারকেল কী পদ্ধতিতে চাষ করে ফলন বাড়ানো হচ্ছে তার প্রশিক্ষণ দেয়া হয় কমবেশি প্রায় ৩০ জন চাষিকে। যাদের মধ্যে অধিকাংশ পূর্ব মেদিনীপুর থেকে হলেও কয়েকজন ছিলেন হুগলি জেলারও। ফুলিয়াতে সরকারি খামারেও বিভিন্ন প্রজাতির নারকেলের পরীক্ষামূলক চাষ এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে নারিকেল উন্নয়ন পর্ষদের তরফে। অংশগ্রহণকারী চাষিদের সেখানে, ঠিক কতখানি দূরত্ব অন্তর প্রতিটি নারকেল গাছ বসানো প্রয়োজন, কী ধরনের সার ব্যবহার করলে অধিক ফলন সম্ভব, বিভিন্ন পোকার হাত থেকে থেকে কীভাবে নারকেল বাঁচানো সম্ভব সহ একগুচ্ছ সমস্যা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা। বিস্তীর্ণ জমিতে কয়েক ডজন নারকেল গাছ লাগানোর পাশাপাশি নীচে জমির ফাঁকা অংশও কীভাবে কাজে লাগানো যায় তা ব্যাখ্যা করা হয়। পর্ষদের তরফে উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস বলেন, পরপর প্রচুর নারকেল গাছ লাগানোর পর মাটিতে অনেক জায়গা ফাঁকা থাকে। সাধারণত কৃষকরা সেই অংশটিকে অপচয় হিসেবেই ধরে নেন। আমরা তাঁদের শেখাচ্ছি, কীভাবে নারকেল গাছের নীচে গোলমরিচ, আনারস সহ আরও একাধিক চাষ লাভজনক পদ্ধতিতে করা সম্ভব। তাছাড়া নারকেল গাছ সাধারণত কেউ দুই পুরুষ অথবা তিন পুরুষ আগে বসিয়ে ছেড়ে দেন। তার পরিচর্যা হয় না। অথচ আমরা দেখেছি অন্যান্য রাজ্যে পরিচর্যা করা গাছগুলি যা ফলন দেয় তার চেয়ে পরিচর্যা না করে আমাদের রাজ্যের গাছ বেশি ফলন দেয়। উপযুক্ত পদ্ধতি মেনে চললে আরও বেশি ফলন এবং লাভজনক চাষ সম্ভব এই রাজ্যেই। সামগ্রিক প্রশিক্ষণ নিয়ে কাঁথির কৃষক হরেকৃষ্ণ মাইতি বলেন, আমরা অনেক কিছুই জানতাম না। এই শিবির থেকে অনেক কিছু শিখেছি। সেগুলিকে আমরা এখন হাতেকলমে প্রয়োগ করব। নারকেল চাষ নিয়ে নতুনকরে আগ্রহ তৈরি হল আমাদের।
প্রসঙ্গত, এদিন এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে ফুলিয়া ফার্মের ফিল্ড অফিসার সৈকত বেরা, নারিকেল উন্নয়ন পর্ষদ কলকাতা কেন্দ্রের টেকনিক্যাল অফিসার তন্ময় বারুই সহ একাধিক কর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এদিন এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে ফুলিয়া ফার্মের ফিল্ড অফিসার সৈকত বেরা, নারিকেল উন্নয়ন পর্ষদ কলকাতা কেন্দ্রের টেকনিক্যাল অফিসার তন্ময় বারুই সহ একাধিক কর্তা উপস্থিত ছিলেন।



