Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচনী আচরণবিধির জেরে আটকে ঘাটালের একাধিক রাস্তার সংস্কার

নির্বাচনী আচরণবিধির জেরে আটকে ঘাটালের একাধিক রাস্তার সংস্কার
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পর পর দু’বার বন্যার কারণে ঘাটাল ব্লকের বহু রাস্তা বেহাল। জেলায় নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু থাকায় পঞ্চায়েত সমিতি সেই রাস্তাগুলির সংস্কার করতে পারছে না। ফলে তীব্র সমস্যা পড়েছেন ওই ব্লকের বাসিন্দারা। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, ‘বন্যার জল কমে যাওয়ার পর থেকেই ওই সমস্ত রাস্তাগুলি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। আমরা কিছু রাস্তা সংস্কারের সবুজ সংকেত পেয়েছি। কিন্তু জেলায় নির্বাচনের আচরণবিধি লাগু থাকায় নভেম্বরের শেষ সপ্তাহের আগে ওই সমস্ত রাস্তাগুলির সংস্কার শুরু করা যাবে  না।’
Advertisement
প্রত্যেক বছর বন্যাতে ঘাটাল ব্লকে রাস্তার ক্ষতি হয়। ওই ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অধিকাংশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। জলে প্রচণ্ড স্রোত থাকায় মোরাম, পিচ এমনকী কংক্রিটের ঢালাই রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, এবছর ওই ব্লকে প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল হয়ে গিয়েছে। সেগুলির অবিলম্বে সংস্কার প্রয়োজন। বন্যা কেটে যাওয়ার পরই রাস্তাগুলি সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। সেই মতো পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থা ঘাটাল পঞ্চায়েত সমিতির ১৩টি রাস্তা সংস্কার করে দেওয়ার চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। ওই ১৩টি রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার। প্রায় সাত কোটি টাকার কিছু বেশি অর্থও বরাদ্দ হয়েছে। রাস্তাগুলি আগামী ছ’মাসের মধ্যে সংস্কার করে দেওয়া হবে বলেজানা গিয়েছে।
বিকাশবাবু বলেন, ‘এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কারণ তিনি যখন ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন তখন তাঁকে এই সমস্যাগুলির কথা বলা হয়েছিল। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন।’
ওই ১৩টির মধ্যে বেশ কয়েকটি রাস্তা গুরুত্বপূর্ণ। তবে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থা ওই ১৩টি রাস্তা সংস্কার করে দিলে কিছুটা সমস্যা মিটবে। যদিও তারপরও বহু রাস্তার সংস্কার বাকি থেকে যাবে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাস্তা বাদেও প্রায় ১০০ কিলোমিটার রাস্তা সংস্কারের বিষয়টি এখনও অনিশ্চিত। যদিও সহকারী সভাপতি জানান, পথশ্রী সহ বিভিন্ন অর্থ কমিশনের টাকা থেকে বাকি রাস্তাগুলিও কয়েক মাসের মধ্যে সংস্কার করা হবে।
সম্পর্কিত সংবাদ