Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেপালের নিখোঁজ নাবালিকা  বিহার থেকে উদ্ধার

নেপালের নিখোঁজ নাবালিকা  বিহার থেকে উদ্ধার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: নেপালের নিখোঁজ নাবালিকাকে রবিবার বিহার থেকে ফিরিয়ে আনল খড়িবাড়ি থানার পুলিস। ২৮ সেপ্টেম্বর সে নেপালের ঝাপা জেলার অর্জুনধারা থেকে পানিট্যাঙ্কিতে বাজার করতে আসে ১৫ বছরের এক নাবালিকা। তবে বাজারের ভিড়ে আচমকাই সে হারিয়ে যায়। পরে নাবালিকার সঙ্গীরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফিরে গিয়ে পরিবারকে জানায়। ১১ নভেম্বর খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিস তদন্ত শুরু করে। এরপর মোবাইল লোকেশন ট্রাক করে পুলিসের একটি দল বিহারের পাটনা থেকে নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকার মা বলেন, প্রতিবেশীদের সঙ্গে মাঝেমধ্যেই মেয়ে বাজার করতে পানিট্যাঙ্কিতে যেত। ২৮সেপ্টেম্বর সে ভারতে এসেছিল। তবে কোনও একটি ছেলে তাকে ফুঁসলিয়ে সঙ্গে নিয়ে চলে যায়। এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের মারফত ১১ নভেম্বর খড়িবাড়ি থানাতে অভিযোগ দায়ের করেছি। পুলিস সূত্রে জানা গিয়েছে, উদ্ধার নাবালিকা অনলাইনে ক্লাস করার সুবাদে বিহারের জমুই জেলার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ভালোবাসার টানে নেপাল থেকে সেখানে যায়। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। এদিন উদ্ধার নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর শিলিগুড়ির একটি হোমে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ