নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র সাতমাসের ব্যবধানে ‘ফুল’ বদল করে ফের সংসদের উচ্চকক্ষের সদস্য হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ১৬ মার্চ ‘জোড়াফুল’ প্রতীকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন রঞ্জিত মল্লিকের মেয়ে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের সঙ্গ ছাড়তে দেরি করেননি এই অভিনেত্রী। ১৬ জুলাই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন কোয়েল। সেদিনই শাহ-ঘনিষ্ঠ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দিল্লিতে একান্ত বৈঠক করেন। তারপর থেকেই চর্চা চলছিল কোয়েল বিজেপিতে যোগ দেবেন। রবিবার তাতে সিলমোহর পড়ে।
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ভোট আসন্ন। বিজেপির জাতীয় নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে সেখানে পদ্ম-প্রার্থী হিসাবে কোয়েলের নাম ঘোষণা করা হয়। ‘সিঙ্গল’ ফুলের প্রতিনিধি হিসাবে তাঁর রাজ্যসভার সদস্য হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কারণ, ভোটদাতা হিসাবে রাজ্য বিধানসভায় বিজেপির সংখ্যা গরিষ্ঠ এমএলএর উপস্থিতি।
উল্লেখ্য, এর আগে তৃণমূলের আরও প্রাক্তন তিন রাজ্যসভার এমপি ‘ফুল’ বদল করে নরেন্দ্র মোদির ‘উন্নয়নযজ্ঞে’ শামিল হয়েছেন। তাঁরা হলেন—সুখেন্দুশেখর রায়, বাপি হালদার ও সুস্মিতা দেব। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা। তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লির পার্টি অফিস থেকে রাজ্যসভার বিজেপি প্রার্থী হিসাবে এই ত্রয়ীর নাম ঘোষণা করা হয়। কোয়েলের ক্ষেত্রে তফাত একটাই—রবিবার রাত পর্যন্ত মল্লিকবাড়ির মেয়ে সরকারিভাবে বিজেপিতে যোগ দেননি। সূত্রের দাবি, আজ সোমবার তিনি বিজেপির পতাকা গ্রহণ করবেন। এই প্রসঙ্গে মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন কোয়েল ও রঞ্জিত মল্লিককে। তাঁর কথায়, বাবাকে কলকাতার শেরিফ ও মেয়েকে রাজ্যসভার সদস্য করেছিলেন মমতা। আর ভোটের পরই তৃণমূল খারাপ হয়ে গেল! নেত্রীর উচিত, এই বিশ্বাসঘাতকদের চিনে রাখা।