এবার ‘ভোট চুরি’র অভিযোগ চন্দ্রবাবু নাইডুর খাসতালুকেও, সন্ধ্যা ছ’টার পর লাইনে কত ভোটার? কমিশনের তথ্যেই ফারাক!
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের এনডিএ সরকার দাঁড়িয়ে ‘জোড়া ক্রাচ’-এ ভর করে। প্রথমটি বিহারে। নীতীশ কুমারের জেডিইউ। দ্বিতীয়টি অন্ধ্রপ্রদেশে— মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর টিডিপি। ‘ভোট চুরি’ ইস্যুতে দেশজুড়ে শোরগোলের মধ্যে এবার সেই অন্ধ্রপ্রদেশ নিয়ে উঠল গুরুতর অভিযোগ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় একযোগে বিধানসভারও ভোটগ্রহণ হয়েছিল দক্ষিণের এই রাজ্যে। অভিযোগ, অন্ধ্রের চিত্তুর লোকসভা কেন্দ্র ও তার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের ভোট-পরিসংখ্যানে বিস্তর ফারাক ছিল। আরও স্পষ্ট করে বললে, সন্ধ্যা ছ’টার পরও লাইনে থাকা ভোটার সংখ্যার হিসাবে বিশাল তারতম্য ছিল! দ্য রিপোর্টার’স কালেকটিভ তাদের নয়া রিপোর্টে এমনই দাবি করেছে। তাদের দাবি, ভোটগ্রহণ নিয়ে একদিনের ব্যবধানে নির্বাচন কমিশনে দু’টি পৃথক রিপোর্ট পাঠিয়েছিলেন নির্বাচনি আধিকারিকরা। একটি রিপোর্টে বলা হয়েছিল, চিত্তুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শেষের নির্ধারিত সময় সন্ধ্যা ছ’টার পরও লাইনে ছিলেন ৫৬ হাজার ৬৭ জন 

Advertisement

ভোটার। অন্য রিপোর্টে কমিশনকে জানানো হয়, চিত্তুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন মিলিয়ে ওই সংখ্যা ২৪ হাজার ৫৯৬ জন ভোটার। অর্থাৎ, কমিশনেরই দু’টি রিপোর্টে ৩১ হাজারেরও বেশি ফারাক! যদিও স্বাভাবিক নিয়মে দু’টি রিপোর্টের পরিসংখ্যান সমান হওয়ারই কথা। কারণ, লোকসভা ও বিধানসভা ভোট একযোগে হওয়ায় বুথগুলিও একই ছিল। একই ছিল লাইনের দৈর্ঘও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, চিত্তুর লোকসভা আসন ও তার অন্তর্গত সাতটি বিধানসভা আসনেই জয়ী হয়েছিল টিডিপি। আর এই সাতটি বিধানসভা কেন্দ্রের অন্যতম কুপ্পাম আসনে জয়ী হয়েই মুখ্যমন্ত্রী হয়েছিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু।
নির্বাচনি অনিয়ম নিয়ে এর আগে ‘দ্য ইলেকশন অডিট’ সিরিজের দু’টি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টার’স কালেকটিভ। এবার সামনে এল তাদের তৃতীয় পর্বের রিপোর্ট। সেখানেই দাবি, লাইনে থাকা ভোটারের সংখ্যায় ৩১ হাজারের বেশি ফারাক রয়েছে। দু’টি পরিসংখ্যান কেন মিলছে না, এনিয়ে কমিশনের তদন্ত করে দেখা উচিত ছিল। যদিও তা হয়নি। অন্ধ্রপ্রদেশের মুখ্য নির্বাচনি অফিসার স্বীকার করেছেন, মূলত ইভিএমে সমস্যা ও অশান্তির কারণে বিভিন্ন জায়গায় বেশি রাত পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ। তার মধ্যে একটি ক্ষেত্রে ভোটগ্রহণ জারি ছিল রাত দু’টো পর্যন্তও। গভীর রাত পর্যন্ত ভোটগ্রহণ জারি থাকায় বিরোধীদের অভিযোগ ছিল, বল্গাহীন ছাপ্পাভোট পড়েছে। সেই আবহেই রিপোর্টার’স কালেকটিভের নয়া রিপোর্ট ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এব্যাপারে কমিশনের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।