Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জয়ের সেঞ্চুরিতে নজির নোভাক জকোভিচের

পরপর দু’টি সেটে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছেন নোভাক জকোভিচ। এরপর তৃতীয় সেটে তখন ২-২। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় পেড্রো মার্টিনেজ।

জয়ের সেঞ্চুরিতে নজির নোভাক জকোভিচের
  • ২০ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

মেলবোর্ন: পরপর দু’টি সেটে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছেন নোভাক জকোভিচ। এরপর তৃতীয় সেটে তখন ২-২। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় পেড্রো মার্টিনেজ। কিন্তু এক ঝটকায় স্প্যানিশ তরুণের আশায় জল ঢেলে দিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি। পেড্রোর ক্রশ কোর্ট শট ডান পাশে ইলাস্টিকের মতো স্ট্রেচ করে ফেরালেন ৩৮ বছরের মহাতারকা। সেই সঙ্গে গেমের দখল নিয়ে চুরমার করে দিলেন প্রতিপক্ষের যাবতীয় মনোবল। ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডের টিকিট আদায় করলেন জকোভিচ। সেই সঙ্গে রড লেভার এরিনায় গড়লেন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে শততম জয় ছিনিয়ে নিলেন তিনি। উল্লেখ্য, এর আগে উইম্বলডন এবং ফরাসি ওপেনেও এই কীর্তি গড়েছেন চতুর্থ বাছাই তারকা।  তিনিই একমাত্র খেলোয়াড়, যাঁর দখলে রয়েছে তিনটি আলাদা গ্র্যান্ড স্ল্যাম আসরে জয়ের সেঞ্চুরির রেকর্ড।

Advertisement

বয়সের চাপে জকোভিচের সাম্প্রতিক সাফল্যের গ্রাফ একেবারে নিম্নমুখী। গত দু’বছর ধরে চলছে মেজর ট্রফির খরা। ২০২৩ ইউএস ওপেনের পর বড় মঞ্চে সাফল্য নেই। তার উপর চোটের কারণে একাধিক প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে তাঁকে। তবু হাল ছাড়তে নারাজ জোকার। কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্য সামনে রেখে মেলবোর্ন পার্কে হাজির তিনি। প্রথম রাউন্ডের দাপুটে জয়ে বুঝিয়ে দিলেন ফেভারিট আলকারাজ ও সিনারকে চ্যালেঞ্জ ছুড়তে তিনি তৈরি। পুরুষদের সিঙ্গলসে জোকারের পাশাপাশি এদিন জয়ের খাতা খুললেন ক্যাস্পার রুড। ইতালির মাতেও বেলুচ্চিকে ৬-১, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন নরওয়ের তারকা। প্রথম রাউন্ডের বাধা টপকালেন ড্যানিল মেডভেডেভ। ডাচ খেলোয়াড় জোসেফ ডে জংকে ৭-৫, ৬-২, ৭-৬ (৭-২) ব্যবধানে বশ মানালেন রুশ তারকা।

মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ইগা সুইয়াটেক স্ট্রেট সেটে জিতে কোর্ট ছাড়লেন। চীনের ইয়ে ইুয়ানের বিরুদ্ধে ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে জিতলেন তিনি। দাপটে শুরু রাখলেন কোকো গফ। কামিলা রাখিমোভাকে ৬-২, ৬-৩ সেটে উড়িয়ে দিলেন মার্কিনী তারকা। বুঝিয়ে দিলেন দুরন্ত ছন্দে রয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ