নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অবশেষে জিআই তকমা পেতে পারে পূর্বস্থলীর নতুনগ্রামের কাঠের পুতুল। কিছুদিন আগেই কলকাতায় দপ্তরে তা নিয়ে শুনানি শেষ হয়েছে। ওই গ্রামের দুই কারিগর সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের আধিকারিকরাও গিয়েছিলেন। গ্রামের বাসিন্দা বিজয় সূত্রধর বলেন, কলকাতায় দপ্তরের আধিকারিকরা কাঠের পুতুল নিয়ে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন। বহুদিন ধরে জিআই তকমা পাওয়ার জন্য লড়াই চলছে। অবশেষে দপ্তরের আধিকারিকরা আমাদের আশ্বাস দিয়েছেন।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বর্ধমানের বিভিন্ন মিষ্টির জন্যও জিআই আবেদন করা হয়েছিল। আপাতত সেই মিষ্টি গুলি জিআই তকমা পাওয়ার দৌড়ে পিছিয়ে রয়েছে। কিন্তু, নতুনগ্রামের কাঠের পুতুলের স্বীকৃতি পাওয়া শুধু সময়ের অপেক্ষা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, জিআই ট্যাগের জন্য বিভিন্ন দিক দেখা হয়। সব ক্ষেত্রেই নতুনগ্রামের কাঠের পুতুল পাশ করেছে। বিশেষ করে এই গ্রামের এত ভালো মানের কাঠের পেঁচা আর অন্য কোথাও তৈরি হয় না। শিল্পীদের দাবি, জিআই তকমা পাওয়া গেলে ব্যবসা বাড়বে। এমনিতে এই শিল্প পিছিয়ে গিয়েছে। নতুন প্রজন্ম তেমন উৎসাহী নয়। কিন্তু সরকারি স্বীকৃতি মিললে আবার অনেকে উৎসাহিত হবে বলে আশা করা যায়।