Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

‌‘অপারেশন’-এর আগেই ধৃত পার্ক সার্কাসের কুখ্যাত দুষ্কৃতী

মধ্যরাতে ওয়ান শটার পিস্তল ও ছুরি নিয়ে ‘অপারেশন’-এ গিয়ে পুলিসের হাতে ধরা পড়ে গেল শহরের কুখ্যাত অপরাধী। ধৃতের নাম শেখ শাহনওয়াজ ওরফে সমীর (২৪)।

‌‘অপারেশন’-এর আগেই ধৃত পার্ক সার্কাসের কুখ্যাত দুষ্কৃতী
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে ওয়ান শটার পিস্তল ও ছুরি নিয়ে ‘অপারেশন’-এ গিয়ে পুলিসের হাতে ধরা পড়ে গেল শহরের কুখ্যাত অপরাধী। ধৃতের নাম শেখ শাহনওয়াজ ওরফে সমীর (২৪)। সোমবার মধ্যরাতে তাকে বউবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে পেশ করা হলে বিচারক ২৯ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। লালবাজার সূত্রে খবর, শেখ শাহনওয়াজ পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। কুখ্যাত গুন্ডা বলেই পরিচিত সে। এর আগে একাধিকবার কলকাতা পুলিস বিভিন্ন এলাকায় গুন্ডামির অভিযোগে গ্রেপ্তার করে তাকে। সম্প্রতি জামিনে ছাড়া পায়। বাইরে এসে ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ‘তোলা’ তুলতে শুরু করে সমীর। নানাদিক থেকে এ সংক্রান্ত অভিযোগ আসছিল লালবাজারে। এরপরই তাকে দ্রুত পাকড়াও করার তৎপরতা শুরু হয়। সূত্রের দাবি, সোমবার রাতে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটে ঘোরাফেরা করতে দেখা যায় সমীরকে। সোর্স মারফত সে খবর জানতে পারেন বউবাজার থানার অফিসাররা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে গুন্ডাদমন টিম। নির্মলচন্দ্র স্ট্রিটের ১৭ নম্বর বাড়ির সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন উর্দিধারীরা। তার কাছে পাওয়া যায় একটি ওয়ান শটার পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। একটি ধারালো ছুরিও মিলেছে তার কাছ থেকে। প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, বউবাজার চত্বরে এক ব্যবসায়ীকে ভয় দেখাতেই সে ওই রাতে সেখানে গিয়েছিল। লালবাজারের দাবি, তার ‘অপারেশন’-এর পরিকল্পনা ভেস্তে দেওয়া গিয়েছে। অস্ত্রআইনে সমীরের বিরুদ্ধে মামলা রুজু করেছে বউবাজার থানার পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ