নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে সড়ক, বিল্ডিং প্রভৃতির নির্মাণ ও মেরামতির কাজে নিযুক্ত চার শ্রেণির শ্রমিকদের মাসিক ও দৈনিক ন্যূনতম বর্ধিত মজুরির হার আগামী ছ’মাসের জন্য নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে শ্রমদপ্তর। ২০১৯ সাল থেকে বছরে দু’বার (জানুয়ারি-জুন, জুলাই-ডিসেম্বর) মেয়াদে এই মজুরি নির্দিষ্ট করে দেয় শ্রমদপ্তর। অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ ও অতিদক্ষ—এই চার শ্রেণির শ্রমিকদের ন্যূনতম মজুরি এবারও কিছুটা বাড়ানো হয়েছে। অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১০,২১২ টাকা থেকে বাড়িয়ে ১০,৩২৬ টাকা করা হয়েছে। এই ধরনের শ্রমিকদের দৈনিক মজুরি ৩৯৩ টাকা থেকে বেড়ে ৩৯৭ টাকা হয়েছে। অর্ধদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১১,৩৫৮ টাকা (দৈনিক ৪৩৭ টাকা), দক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১২,৪৯৫ টাকা (দৈনিক ৪৮১ টাকা), অতিদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১৩,৭৪৫ টাকা (দিনে ৫২৯ টাকা) করা হয়েছে।



