Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

থুথু ফেললেই হাজার টাকা খড়্গপুর ডিভিশনে বিজ্ঞপ্তি

ট্রেন কিংবা স্টেশন চত্বরে থুতু ফেললেই গুণতে হবে এক হাজার টাকা জরিমানা! ট্রেন, স্টেশন চত্বর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল।

থুথু ফেললেই হাজার টাকা  খড়্গপুর ডিভিশনে বিজ্ঞপ্তি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ট্রেন কিংবা স্টেশন চত্বরে থুতু ফেললেই গুণতে হবে এক হাজার টাকা জরিমানা! ট্রেন, স্টেশন চত্বর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল। যেখানে-সেখানে থুতু ফেলা, গুটখা কিংবা পানের পিক, আবর্জনা ফেলা, যত্রতত্র প্রস্রাব-পায়খানা করা বন্ধ করতে আরও কড়া হচ্ছে রেল। এই সমস্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর কাজের জন্য এবার এক হাজার টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানার অঙ্ক ছিল ৫০০টাকা। মঙ্গলবার দুপুরে খড়্গপুর  ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, জরিমানা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করানো হবে। সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ দু’হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।

Advertisement

খড়্গপুর ডিভিশনের এক আধিকারিক জানান, সম্প্রতি ভারতীয় রেলের ‘পেনাল্টিজ ফর অ্যাক্টিভিটিজ অ্যাফেক্টিং ক্লিনলিনেস অ্যাট রেলওয়ে প্রিমিসেস রুলস, ২০১২’-এ সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মে নির্দিষ্ট স্থান ছাড়া আবর্জনা ফেলা, রান্না করা, স্নান, থুতু ফেলা, পশু-পাখিকে খাবার দেওয়া, বাসন-কাপড় ধোয়া, গাড়ি ধোয়া এবং স্টেশন চত্বরে জিনিসপত্র মজুত নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ছাড়া পোস্টার লাগানো, রেলের সম্পত্তি নষ্ট করাও নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের পরিচ্ছন্নতার বার্তা দিতে, গত এক সপ্তাহ ধরে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের মধ্য দিয়ে খড়্গপুর ডিভিশনের সমস্ত স্টেশন, ট্রেন ও রেল চত্বরে বিশেষ সাফাই অভিযান চালানো হয়। ‘স্বচ্ছ রেলগাড়ি’ কর্মসূচিতে ট্রেনের শৌচাগার, কামরা ও প্যান্ট্রি কারের পরিচ্ছন্নতাও খতিয়ে দেখা হয়। খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার বলেন, ভারতীয় রেলকে সুন্দর ও সুরক্ষিত রাখা আমাদের সকলের কর্তব্য। যাত্রীদের সহযোগিতা ছাড়া ট্রেন, প্ল্যাটফর্ম কিংবা রেল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এবিষয়ে আমরা সাধারণ মানুষ ও যাত্রীদের সহযোগিতা চাইছি। তারপরও কেউ আইন ভাঙলে আমরা জরিমানা করতে বাধ্য হব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ