Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্লাস শুরু তিনমাসের মধ্যে সেকেন্ড সেমেস্টারের ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি, উপাচার্যের দ্বারস্থ টিএমসিপি

ক্লাস শুরু তিনমাসের মধ্যে সেকেন্ড সেমেস্টারের ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি, উপাচার্যের দ্বারস্থ টিএমসিপি
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: স্নাতকে সেকেন্ড সেমেস্টারের ক্লাস শুরুর তিনমাসের মধ্যেই ফর্ম ফিলআপের নির্দেশিকা জারি করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এখনও সিলেবাস শেষ হতে ঢের বাকি। এদিকে ফর্ম ফিলআপ শুরু হওয়ার পর থেকেই আর ক্লাস হয় না। এর ফলে ওই ছাত্রছাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করে উপাচার্যের দ্বারস্থ হল তৃণমূল ছাত্র পরিষদ। সিলেবাস আরও কিছুটা এগিয়ে যাতে ফর্ম ফিলআপ হয়, সেই আর্জি জানিয়েছে দেশপ্রাণ, মুগবেড়িয়া, কন্টাই, এগরা, পটাশপুর, বাজকুল, কোলাঘাট, তমলুক, হলদিয়া সহ বিভিন্ন কলেজের টিএমসিপি ইউনিট।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী বলেন, আমরা সকল প্রিন্সিপাল ও টিচার ইন-চার্জের সঙ্গে পরামর্শ করেই ফর্ম ফিলআপের সিডিউল করেছি। গত বছর ওই ব্যাচের সেশন দেরিতে শুরু হওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে। আমরা এতজন ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। ২৪জুলাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অফিস থেকে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষার জন্য ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৮ জুলাই থেকে ১আগস্ট ফর্ম ফিলআপ চলবে। যদিও ওই সেকেন্ড সেমেস্টারের সেশন জানুয়ারির পরিবর্তে শুরু হয়েছে ২মে থেকে। যেকারণে মাত্র তিনমাস ক্লাস হয়েছে। তাও এরমধ্যে তৃতীয় ও ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার জন্য ১২দিন ক্লাস বন্ধ ছিল। টিএমসিপির জেলা সহ সভাপতি অতনু সামন্ত বলেন, সিলেবাস শেষ হতে ঢের বাকি। এরমধ্যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর ক্লাস হবে না। এরফলে ছাত্রছাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়বেন। এই অবস্থায় আমরা উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ