নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভাঙাচোরা সংগঠনকে জোড়া লাগানোর ভার দেওয়া হয়েছে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে। তিনি জেলায় জেলায় ঘুরতে শুরু করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানে জেলার নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। পরিচয়পর্ব মেটার পর তিনি সবস্তরের নেতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন। সংগঠন জোরালো না হলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা যাবে না বলে তিনি জানান। সেইসময় বর্ধমানের এক নেতা বলেন, সংগঠনে ‘কাজের লোকজনে’র গুরুত্ব নেই। তাঁদের বসিয়ে রাখা হয়েছে। যাঁরা ‘কাছের লোক’ তাঁরাই সংগঠনে গুরুত্ব পাচ্ছেন। এভাবে চললে সংগঠন কোনওদিনই মজবুত হবে না। যত দিন যাবে পরিস্থিতি ততই খারাপ হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুধু পূর্ব বর্ধমান নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সংগঠনের বেহাল অবস্থা। আন্দোলন কলকাতা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই থমকে রয়েছে। সংগঠন চাঙ্গা করতে রাজ্যস্তরের নেতারা একাধিকবার জেলায় এসে বৈঠক করছেন। তাতেও পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে তেমন লাভ হচ্ছে না। বর্ধমান সাংগঠনিক জেলায় সংগঠনের অবস্থা বহুদিন ধরেই বেহাল রয়েছে। সেকারণে দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থী এই কেন্দ্রে দাঁড়িয়েও বিপুল ভোটে হেরে গিয়েছেন। সংগঠন মজবুত থাকলে এই অবস্থা হতো না। এমনটা মানছেন খোদ মিঠুন চক্রবর্তীও। তিনি বলেন, নিজেদের মধ্যে সমস্যা তো ছিলই। সেকারণেই পরাজয় হয়েছে। সেই সব সমস্যা মেটানোর জন্যই জেলায় এসে বৈঠক করছি।



