নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার সুযোগ ছিল ভারতের সামনে। পঞ্চমদিনে গিলদের দরকার ছিল আর ৮ উইকেট। কিন্তু ভারতীয় বোলাররা সারাদিনে মাত্র ৩টি উইকেট ফেলতে পেরেছেন। তাই ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গম্ভীরের ছেলেদের। সুযোগের সদ্বব্যবহার করতে না পারায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। সৌরভ গাঙ্গুলি যেমন প্রথম একাদশ নির্বাচনেই গলদ দেখতে পাচ্ছেন। তাঁর কথায়, ‘পিচ যেমনই হোক, সব সময়ই একজন স্পেশালিস্ট স্পিনার খেলানো উচিত। পাটা উইকেটে ব্যাটারদের কাজটা সহজ নয়। কিন্তু চাপের মুখে স্পিনাররাই পথ খোলে। ওয়েলিংটন টেস্টে ভারতের ব্যাটিং খুবই ইতিবাচক লেগেছে। তবে হতাশ করেছে বোলিং। স্পিনার হিসাবে শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্তে আমি বিস্মিত। বরং ওকে অলরাউন্ডার হিসাবে ভাবা যেত। তাছাড়া কুলদীপ যাদব বা মানব সুতার কোথায়?’
নিউজিল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পাননি কুলদীপ যাদব। ঘরের মাঠে লাল বলে ভালো পারফর্ম করেও উপেক্ষিত মানব সুতার। স্পেশালিস্ট স্পিনার হিসাবে স্কোয়াডে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁকে না খেলানোও বিস্ময়কর। স্পিন বোলিংয়ে ধার বাড়লে ভারতের জেতার সম্ভাবনা বাড়ত। তাছাড়া সুন্দর ৫৫ ওভার হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ১টি। তাহলে দল জিতবে কী করে? রবি শাস্ত্রী তো ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘ভারতীয় দলের মানসিকতা ও পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নই। হ্যাঁ, কন্ডিশন অবশ্যই কঠিন ছিল। কিন্তু গ্রেট দল তো তারাই, যারা প্রতিকূল পরিস্থিতিতে জয় ছিনিয়ে আনতে পারে। এত ওভার বল করেও ১০ উইকেট নিতে না পারলে কীসের ভালো দল? শ্রীলঙ্কাতে শেষ টেস্টেও তো এটাই হয়েছিল। এর দায় নিতে হবে কোচ-ক্যাপ্টেনকে।’ গম্ভীর ব্রিগেডের কড়া সমালোচনা করেছেন সুনীল গাভাসকরও।



