Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নেই হাড় সহ বহু স্পেশালিস্ট ডাক্তার, পর্যাপ্ত স্টাফও, রোগী-রেফারই ভরসা

নেই হাড় সহ বহু স্পেশালিস্ট ডাক্তার, পর্যাপ্ত স্টাফও, রোগী-রেফারই ভরসা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রায় ৬ বছর ধরে নেই কোনও অর্থোপেডিক চিকিৎসক,নেই জেনারেল মেডিসিনের এমডি চিকিৎসকও। মাত্র একজন চেস্ট মেডিসিনের চিকিৎসক আছেন, তিনিই এই মুহূর্তে পুরো মেডিসিন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। এছাড়া নেই কোনও রেডিওলজিস্ট। নার্সিং স্টাফ ৬৫ জন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৪২ জন। গ্রুপ ডি স্টাফ কর্মী সংখ্যাও অপ্রতুল। অনেকেই অন্য চাকরিতে কিংবা বদলি হয়ে চলে গিয়েছেন। পর্যাপ্ত সাফাই কর্মী নেই। যেখানে ১৪ জন সাফাই কর্মী থাকার কথা, সেখানে রয়েছেন মাত্র তিনজন। সেকারণে নিয়মিত হাসপাতাল পরিষ্কার করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া প্রয়োজনের তুলনায় নিরাপত্তা রক্ষীর সংখ্যাও কম। ফলে হাসপাতাল চত্বর পড়ে রয়েছে অরক্ষিত অবস্থায়। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল প্রতিদিন প্রায় এক হাজার রোগী চিকিৎসার জন্য ভিড় করলেও যথেষ্ট সংখ্যক চিকিৎসক না থাকায় ক্ষোভ বাড়ছে। যদিও এ প্রসঙ্গে হাসপাতাল সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ বেডের নতুন বিল্ডিংয়ে মেটারনিটি ওয়ার্ড আলাদাভাবে চলছে। স্টাফের সঙ্কট রয়েছে। খুব দ্রুত স্টাফের অত্যন্ত প্রয়োজন। স্পেশালিস্ট চিকিৎসক না থাকার জন্য অনেক সময় বাধ্য হয়ে রোগীকে রেফার করতে হয়।সবমিলিয়ে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। ১২৫ বেডের অনুমোদিত হাসপাতাল হলেও রোগী পরিষেবার জন্য বেড রয়েছে ১৪০টির মতো। প্রতিদিন কমবেশি ১৩০ থেকে ১৪০ জন রোগী এই হাসপাতালে ভর্তি থাকেন। কোনও কোনও দিন রোগীর সংখ্যা বেড়ে ১৭০ জন হয়ে যায়।রবিবার ছাড়া প্রতিদিনই আউটডোর খোলা থাকে। হাসপাতালের এই সমস্যার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ সমস্যাগুলির সমাধানের আশ্বাস দিয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে এই হাসপাতালে কোনও অর্থোপেডিক চিকিৎসক নেই। অর্থোপেডিক না থাকায় রোগীদের কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল বা অন্য কোনও মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হচ্ছে। আগে হাসপাতালে ম্যানুয়াল এক্স-রে করা হতো। এখন ডিজিটাল এক্স-রে মেসিন থাকলেও রেডিওলজিস্ট না থাকায় এক্স-রে রিপোর্ট দিতে অসুবিধার সম্মুখীন হতে হয়।
যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অর্ডার এসেছে সাত জন স্পেশালিস্ট চিকিৎসক আসবেন। এর মধ্যে চেস্ট, প্যাথলজি, মেডিসিন, গাইনোকোলজি,সার্জারি বিভাগের চিকিৎসক রয়েছেন। কিন্তু এরপরেও অর্থোপেডিক, রেডিওলজিস্ট বিভাগে পদ শূন্য রয়েছে। 
উল্লেখ্য,  আউটডোর ও ইন্ডোর মিলিয়ে নবদ্বীপ ব্লক এবং পার্শ্ববর্তী জেলার প্রায় এক হাজার মানুষ প্রতিদিন এখানে চিকিৎসার জন্য আসেন। নবদ্বীপ লাগোয়া পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, বেলেরহল্ট, নাদনঘাট, বিদ্যানগর, পাটুলি, লক্ষ্মীপুর সহ আশপাশের বিভিন্ন অঞ্চলের রোগীদের চিকিৎসার ভরসা এই হাসপাতাল। এখানে রোগীর চাপ এত বেশি যে, সেক্ষেত্রে এখানে পরিষেবা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ