সংবাদদাতা, উলুবেড়িয়া: মানুষ কেবলমাত্র মুখের বা দলের পরিবর্তন চায়নি। ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। এটা সবাই মাথায় রেখে কাজ করুন। বুধবার বিজয়া দশমীর রাতে শ্যামপুর কলেজ মাঠে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে এসে এমনই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানে আসার পথে মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা, আস্থা ভরসা দেখে পরিবর্তনের আসল স্বাদ আমি অনুভব করছি।
মুখ্যমন্ত্রী বলেন, যারা একসময় কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছিল, আজ তাদের প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে। যারা দুর্গা মূর্তি ভেঙেছিল, তাদের মা দুর্গা ক্ষমতার অলিন্দ থেকে সরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে শক্তিদায়িনী বলপ্রদায়িনী মা দুর্গার শক্তি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, শ্যামপুরে ১৪ বেডের প্রাইমারি হেলথ সেন্টার আছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে তা বাড়িয়ে ১০০ করা হবে। অন্নপূর্ণা প্রসঙ্গে তাঁর দাবি, রাজ্যে ১ কোটি ৬৬ লক্ষ মহিলা এই যোজনার টাকা পেয়েছেন। শুধু শ্যামপুর বিধানসভায় প্রায় ১ লক্ষের কাছাকাছি। শুভেন্দু বলেন, আগামী বছর ৮ মে’র মধ্যে মেধা অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে সততার সঙ্গে ১ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে।
শ্যামপুরের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই এলাকা ঘূর্ণিঝড় প্রবণ। নদী ভাঙন ঠিক করতে হবে। ছোটো ছোটো কাঠের ব্রিজ বদলে ক্রংকিটের ব্রিজ করা হবে। গাদিয়াড়ায় পর্যটনের সুযোগ আছে। সেদিকে নজর দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, বিধায়ক অমিত সামন্ত, বিধায়ক চিরন বেরা সহ অন্যান্যরা।



