মিলান: দীর্ঘ ২৮ বছর অপেক্ষার অবসান। ১৯৯৮ সালের পর ফের বিশ্বকাপের মূলপর্বে নরওয়ে। রবিবার বাছাই পর্বের শেষ ম্যাচে ইতালিকে ৪-১ গোলে দুরমুশ করে কাপ যুদ্ধের টিকিট নিশ্চিত করলেন আর্লিং হালান্ডরা। আর ফের একবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে প্লে-অফ খেলতে হবে ইতালিকে। উল্লেখ্য, ২০১৮ ও ২০২২ সালে প্লে-অফের লড়াই হেরে বিদায় নেওয়ায় বিশ্বকাপে দেখা যায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। রবিবার ঘরের মাঠ সান সিরোয় হারের পর ফের সেই আশঙ্কাই দেখা দিল আজ্জুরি-ব্রিগেডে। রবিবার জোড়া গোলে আরও একবার জয়ের নায়ক হালান্ড। এছাড়া নরওয়ের হয়ে স্কোরশিটে নাম তোলেন আন্তোনিও নুসা ও জর্গেন স্ট্র্যান্ড লারসেন। ইতালির একমাত্র গোলটি পিও এস্পোসিতোর। উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচে ১৬টি গোল করেছেন হালান্ড। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই মূলপর্বের টিকিট নিশ্চিত করল নরওয়ে। ৮ ম্যাচে ২৪ পয়েন্টে শেষ করল তারা। আর সমসংখ্যক ম্যাচে ইতালির সংগ্রহ ১৮ পয়েন্ট।
দিনের অপর ম্যাচে আজারবাইজানকে ৩-১ গোলে হারাল ফ্রান্স। উল্লেখ্য, আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ফরাসি-ব্রিগেড। তাই দলের একাঝাঁক ফুটবলারকে বিশ্রাম দিয়ে রবিবার দল সাজিয়েছিলেন কোচ দিদিয়ের দেশঁ। তাতেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচে ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম তোলেন জিয়ান-ফিলিপে মাতেতা ও মাঘনেস আকলিওচে। অপর গোলটি সারুদ্দিনের আত্মঘাতী। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৬ পেয়েন্টে শেষ করল ফ্রান্স।



