


সংবাদদাতা, শিলিগুড়ি: শ্রাবণী মেলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। ট্রেনগুলি ডিব্রুগড়-দেওঘর, কাটিহার-দেওঘর এবং কাটিহার-মণিহারির মধ্যে চলাচল করবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।
ডিব্রুগড়-দেওঘর স্পেশাল আগামী ১০ জুলাই থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে। ডিব্রুগড় থেকে প্রত্যেক সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে ছাড়বে। দেওঘর-ডিব্রুগড় স্পেশাল আগামী ১১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে। দেওঘর থেকে ছাড়বে প্রত্যেক মঙ্গল, বুধ, শুক্র, শনি ও রবিবার রাত ৯ টা ৫৫ মিনিটে। কাটিহার-দেওঘর স্পেশাল আগামী ১০ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে। কাটিহার থেকে প্রত্যেক বৃহস্পতিবার দুপুর ২ টা ২০ মিনিটে রওনা দেবে। দেওঘর-কাটিহার স্পেশাল আগামী ১১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। দেওঘর থেকে প্রত্যেক শুক্রবার সকাল ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে।
কাটিহার-মণিহারি স্পেশাল আগামী ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। কাটিহার থেকে প্রত্যেকদিন রাত ৮ টা ৩০ মিনিটে রওনা দেবে। মণিহারি-কাটিহার স্পেশাল আগামী ১২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে। মণিহারি থেকে প্রত্যেকদিন সকাল পাঁচটায় রওনা দেবে।