সংবাদদাতা, শিলিগুড়ি: হাসপাতালে রোগী না দেখে নার্সিংহোমে তাঁদের নিয়ে যাচ্ছেন এক চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক ওই চিকিৎসকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। বুধবার এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়তেই শোরগোল পড়ে যায়।
নেফ্রোলজি বিভাগের আউটডোরে সম্প্রতি ওই ব্যক্তি ডাক্তার দেখাতে এসেছিলেন। তাঁর অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে না দেখে মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি নার্সিংহোমে রেফার করে দেন। ওই চিকিৎসক তাঁকে জানান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা হবে না। এরপরই বিষয়টি পরিচিত মহলে জানান ওই রোগী। সকলেই তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে পরামর্শ দেন।
বুধবার হাসপাতালের অ্যাডিশনাল সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, দয়ানন্দ শা নামে শিলিগুড়ির এক বাসিন্দা চুক্তিভিত্তিক এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখানে চিকিৎসা না করে ওই চিকিৎসক তাঁকে নার্সিংহোমে রেফার করেছেন। সরকারি নিয়মে এটা হতে পারে না। আমরা সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে লিখিতভাবে জানতে চেয়েছি। বৃহস্পতিবার তাঁকে দেখা করতেও বলা হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে তদন্ত কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখা হবে কি না, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রিন্সিপাল তা ঠিক করবেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। তাঁর সঙ্গে হাসপাতাল কর্মীদের অনেকের বিভিন্ন সময়ে সংঘাত হয়েছে। কিন্তু কেউই লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেননি। এদিন লিখিত অভিযোগ জমা পড়ায় সকলেই তাকিয়ে রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকে।
এদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেফ্রোলজির ইন্ডোর পরিষেবা তথা আলাদা ওয়ার্ড নেই। শুধু আউটডোর ও ডায়ালিসিস পরিষেবা রয়েছে। চারজন বিশেষজ্ঞ ডাক্তার থাকার পরও সপ্তাহে মাত্র তিনদিন আউটডোর পরিষেবা মেলে। আউটডোরের দিন না বাড়ানোর ক্ষেত্রে নেফ্রোলজি বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে ফাঁকিবাজির জোরালো অভিযোগ রয়েছে। তিনদিন করে আউটডোর চলায় রোগীদের হয়রানির অভিযোগও কম নয়।