সংবাদদাতা, শিলিগুড়ি: দুর্গাপুজো, কালীপুজো শেষ। কিন্তু, এখনও পুজোর বোনাস পাননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে এজেন্সির মাধ্যমে নিযুক্ত ঠিকা কর্মীরা। শুধু বোনাসই নয়, তাঁদের গত এক মাসের বেতনও বকেয়া। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার হাসপাতাল সুপারের কাছে বকেয়া বেতন ও পুজোর বোনাসের দাবিতে আবেদন জানান কর্মীরা।
তাঁদের অভিযোগ, দিনের পর দিন নিয়মিত কাজ করেও প্রাপ্য বেতন ও বোনাস মিলছে না। পুজোর আনন্দের দিনগুলিতেও পরিবারের সঙ্গে সেভাবে আনন্দে শামিল হতে পারেননি তাঁরা। পুজোর ছুটির রেশ এখনও কাটেনি। বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কাজকর্মও পুরোপুরি শুরু হয়নি। ফলে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতেও অসুবিধায় পড়ছেন তাঁরা। কর্মীদের প্রশ্ন, কাজ করেও যদি সময়মতো বেতন না মেলে, তাহলে সংসার চলবে কীভাবে? বোনাস না পাওয়ায় পুজোর আনন্দও অনেকটাই ম্লান হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের।
অন্যদিকে, কর্মীদের এক মাসের বেতন ও পুজোর বোনাস দিতে না পারার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট এজেন্সির কর্ণধার অনিমেষ দাস। তবে এর জন্য তিনি স্বাস্থ্যদপ্তরের গড়িমসিকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সুপার স্পেশালিটি ব্লকে কর্মী নিয়োগের বরাত পাওয়ার পর ৮ মাস পেরিয়ে গেলেও কোনো টাকা পাননি। মাসের পর মাস বিল জমা দিয়েও টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন।
এদিন তিনি জানান, পুজোর ছুটির কারণে অন্যান্য দপ্তরও বন্ধ ছিল। ফলে অন্য যেসব জায়গায় তিনি কাজ করেন, সেখান থেকেও প্রাপ্য টাকা এখনও এসে পৌঁছয়নি। ফলে নিজের পকেট থেকে টাকা দিয়ে কর্মীদের সমস্যার সমাধান করার মতো পরিস্থিতি তাঁর নেই।
হাসপাতাল সুপার ডাঃ কৌশিক ঈশোর বলেন, রাজ্য সরকার সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা ও পরিকাঠামোর মানোন্নয়নে সচেষ্ট। সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ করার আবেদন জানাচ্ছি, যাতে এজেন্সিকে বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হয়। শুধু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেই নয়, রাজ্যের অন্যান্য সুপার স্পেশালিটি ব্লকেও একই ধরনের সমস্যা রয়েছে।



