নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সাতসকালে বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিস। পুলিস জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। জানা গিয়েছে, নওদা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রথতলা পাড়ায় কংগ্রেস কর্মী সাদ্দাম মোল্লার বাড়িতে সকেট বোমা বিস্ফোরণ হয়। ওই কংগ্রেস কর্মীর পরিবারের পক্ষ থেকে বলা হয় ছাদ পরিষ্কার করার সময় ওই ঘটনা ঘটেছে। কে বা কারা তাদের ছাদে বোমা রেখেছিল তা বাড়ির কেউ জানে না। সাদ্দাম সাহেবের স্ত্রী রিমা খাতুন বলেন, আমরা বরাবরই কংগ্রেস করি। বাড়ির আশেপাশে আমাদের অনেক শত্রু। ছাদে কেউ বোমা রেখে গিয়েছিল কিনা বুঝতে পারছি না।
Advertisement
এলাকার বাসিন্দা তথা চাঁদপুর অঞ্চল তৃণমূল সভাপতি মুকুল শেখ বলেন, ঘটনার তদন্ত করা হোক। এলাকায় আমরা আতঙ্কিত। সাদ্দাম সাহেব এলাকা দাপিয়ে বেড়ান। পুলিস তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।



