Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নওদায় গুলি চালানোর ঘটনায় ধৃত ১

নওদায় গুলি চালানোর ঘটনায় ধৃত ১
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদায় গুলি কাণ্ডে একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম শেহরুল শেখ। তার বাড়ি আলিনগর গ্রামে। ধৃতকে সোমবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, গত শনিবার বিকেলে নওদার সর্বাঙ্গপুরে গুলিবিদ্ধ হয় রিন্টু বিশ্বাস নামে এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করে। পুলিসের নজরে রয়েছে একটি কালো রঙের গাড়ি। ওই ঘটনায় জখম যুবকের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাতে জানানো হয়, একটি কালো রঙের দামি গাড়ি থেকে গুলি চালানো হয়েছে। 
Advertisement
জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই ব্লকে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে গণস্বাক্ষর অভিযানের একটি কর্মসূচির আয়োজন করে তৃণমূল। সেই মিছিলে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের গাড়ি আটকে যায়। ওই সময় সর্বাঙ্গপুরে একটি প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল। শোভাযাত্রার ফলে তৃণমূলের মিছিলে যাওয়ার গাড়ি আটকে গেলে একটি বাসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের কর্মীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখান। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা বেঁধে যায়। বচসা চলাকালীন গুলি চালানো হয়। রাস্তা দিয়ে যাওয়া একটি কালো গাড়ি থেকে সেই গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ। জখম যুবকের পরিবারের নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে। থানার এক অফিসার বলেন, আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





 
সম্পর্কিত সংবাদ