সংবাদদাতা, বহরমপুর: স্ত্রী, শাশুড়ি ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। রবিবার সকালে প্রতিবেশীরা পেশায় ট্রাক্টর মিস্ত্রি ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম সুমিত চৌধুরী (২২)। বাড়ি নওদা থানার মুক্তারপুর। তবে বিয়ের পর থেকে নওদা থানার আমতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। নওদা থানার পুলিস জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোও অভিযোগ দায়ের করা হয়নি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, চার মাস আগে বিয়ে হয়েছিল সুমিতবাবুর। বিয়ের পর স্ত্রী ও শাশুড়িকে নিয়ে আমতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আমতলাতে ট্রাক্টরের মিস্ত্রি হিসাবে যথেষ্ট সুনাম ছিল। প্রতিবেশীদের বক্তব্য, শবিবার অনেক রাত পর্যন্ত প্রচন্ড বকাবকি চলে। রাতেই স্ত্রী ও শাশুড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। রবিবার অনেক বেলা পর্যন্ত না ওঠায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে দেখেন শোওয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। মৃতের কাকা অনুপ চৌধুরী বলেন, রাতে তুমুল ঝগড়া হয়েছিল শুনলাম। তবে কী কারণে জানতে পারিনি।



