Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সত্য প্রার্থী থাকলে দেওয়াল লেখা নয়, ছাতনায় সিদ্ধান্ত বিজেপি কর্মীদের, শালতোড়ায়ও ক্ষোভ

শালতোড়া ও ছাতনায় প্রার্থী নিয়ে বিজেপি-র অন্দরে ক্ষোভ কিছুতেই থামতে চাইছে না। ওই দুই বিধানসভার বর্তমান বিদায়ী বিধায়ক চন্দনা বাউরি ও সত্য‌নারায়ণ মুখোপাধ্যায়কে বিজেপি এবারও টিকিট দিয়েছে।

সত্য প্রার্থী থাকলে দেওয়াল লেখা নয়, ছাতনায় সিদ্ধান্ত বিজেপি কর্মীদের, শালতোড়ায়ও ক্ষোভ
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শালতোড়া ও ছাতনায় প্রার্থী নিয়ে বিজেপি-র অন্দরে ক্ষোভ কিছুতেই থামতে চাইছে না। ওই দুই বিধানসভার বর্তমান বিদায়ী বিধায়ক চন্দনা বাউরি ও সত্য‌নারায়ণ মুখোপাধ্যায়কে বিজেপি এবারও টিকিট দিয়েছে। তারপর থেকেই স্থানীয় বিজেপি নেতা, কর্মীরা ক্ষোভে ফেটে পড়ছেন। শালতোড়ায় প্রার্থী পরিবর্তনের দাবিতে পোস্টার পড়েছে। অন্যদিকে, ছাতনায় বিজেপির কর্মিসভায় প্রার্থীর সামনেই নেতারা ক্ষোভে ফেটে পড়েন। ওই সভার ভিডিও তুলে কোনো বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তাতে দেখা গিয়েছে, কর্মিসভায় বিজেপি নেতা, কর্মীরা উঠে দাঁড়িয়ে ক্ষোভ দেখাচ্ছেন। যদিও ওই ভিডিওর সত্যতা (বর্তমান পত্রিকা) যাচাই করেনি। 

Advertisement

চন্দনাদেবী বলেন, রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার দিয়েছে জানি না। প্রার্থী ঘোষণা দল করেছে। বদল করার প্রয়োজন হলে দলই সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে কিছু ভাবছি না।  
আরএক প্রার্থী সত্যনারায়ণবাবু বলেন, কে, কোথায় ক্ষোভ জানালেন, তা বড়ো কথা নয়। ছাতনাবাসী আমার সঙ্গেই আছেন। আমি পাঁচ বছর ধরে বিধানসভার উন্নয়নমূলক কাজের পাশাপাশি বাসিন্দাদের পরিষেবা দিয়ে আসছি । 
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত রবিবার ছাতনার ঝাঁটিপাহাড়ির একটি লজে দলের তরফে ওই কর্মিসভা হয়। সেখানে ছাতনার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় ছিলেন। তাঁর সামনে পরপর বিজেপি নেতা, কর্মীরা উঠে বক্তব্য রাখেন। বিধায়কের উদ্দেশ্যে এক বিজেপি নেতা বলেন, ‘পাঁচ বছর ধরে আপনাকে আমরা প্রয়োজনে পাইনি। ছাতনাবাসীও আপনার দেখা পায়নি। বাসিন্দারা আপনার উপর ক্ষুব্ধ। কর্মীরাও প্রার্থী হিসাবে আপনাকে মেনে নিতে পারছেন না। আমরা দেওয়াল লিখতে পারছি না। ছাতনার বেশিরভাগ বাসিন্দা দেওয়ালে আপনার নাম লিখতে দিচ্ছে না। কেউ কেউ হাত কেটে নেওয়ার হুমকিও দিচ্ছে।’ উল্লেখ্য, প্রার্থী ঘোষণার আগে ছাতনায় সত্যনারায়ণবাবুর বিরুদ্ধে পোস্টার পড়েছিল। তাঁর বাড়ি গঙ্গাজলঘাটি ব্লক এলাকায়। ফলে ছাতনায় তাঁকে  ‘বহিরাগত’ তকমা দিয়ে ওই পোস্টারগুলি পড়েছিল। কিন্তু এরপরেও দল সত্যনারায়ণকে প্রার্থী করায় শুশুনিয়ায় বিজেপি কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে কর্মিসভাতেও বিক্ষোভ আছড়ে পড়ে। অন্যদিকে, শালতোড়ায় চন্দনা বাউরিকেও বিজেপি নেতা, কর্মীদের একাংশ মেনে নিতে পারছেন না। প্রার্থী তালিকা প্রকাশের আগে থেকেই শালতোড়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে শালতোড়ায় বিজেপি-র অন্দরের কোন্দল তীব্র হয়েছে। সেখানে একাধিক দলীয় কার্যালয় গজিয়ে উঠেছে। পার্টি অফিসগুলি থেকে সমান্তরাল সংগঠন চালানো হচ্ছে বলে দলের এক পক্ষ অপর শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। - এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ