Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা নেই, উদ্বোধনের আড়াই বছর পরও চালু হল না চেঙ্গাইলের নেপালি ঘাট জেটি

জেটিঘাটের প্রবেশ পথ জঙ্গল আগাছায় ভর্তি হয়ে রয়েছে। বন্ধ গেট আঁকড়ে বেড়ে উঠছে জংলি লতাপাতার গাছ। ভিত্তিপ্রস্তর ঢাকা পড়ার মুখে।

রাস্তা নেই, উদ্বোধনের আড়াই বছর পরও  চালু হল না চেঙ্গাইলের নেপালি ঘাট জেটি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: জেটিঘাটের প্রবেশ পথ জঙ্গল আগাছায় ভর্তি হয়ে রয়েছে। বন্ধ গেট আঁকড়ে বেড়ে উঠছে জংলি লতাপাতার গাছ। ভিত্তিপ্রস্তর ঢাকা পড়ার মুখে। এটাই এখন চেঙ্গাইল (ফুলেশ্বর) ফেরিঘাটের জেটির অবস্থা। কারণ জেটিতে যাওয়া-আসার রাস্তাই নেই। ফলে উদ্বোধনের পর আড়াই বছর কেটে গেলেও এখনও জেটি চালু করা যায়নি। তাই নৌকাতেই  চেঙ্গাইল থেকে পুজালি নদীপথ পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে।

Advertisement

চেঙ্গাইলের নেপালি ঘাট থেকে নদী পেরিয়ে দক্ষিণ ২৪ পরগনার পুজালি যাওয়ার একমাত্র উপায় যন্ত্রচালিত নৌকা। হুগলি নদী পেরিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই পথে। বিশেষ করে চেঙ্গাইলের দু’টি জুটমিলের শ্রমিকদের যাতায়াতের অন্যতম পথ এটি। কিন্তু এই নদীপথে যাতায়াত করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। কারণ চেঙ্গাইলের নেপালি ঘাটে নিদিষ্ট কোনো ফেরিঘাট না থাকায় জল-কাদা পেরিয়ে মানুষকে নৌকায় ওঠানামা করতে হয়। সাধারণ মানুষের এই সমস্যা মেটাতে বছর আড়াই আগে প্রায় ৩ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে চেঙ্গাইলের নেপালি ঘাটে একটি জেটি তৈরি করে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর। জেটি তৈরির পর সাঁতরাগাছি থেকে ভার্চুয়ালি তার উদ্বোধনও  করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পুজালির দিকে জেটি তৈরি না হওয়ায় এই জেটি এখন ব্যবহার করা যাবে না। পরে পুজালির দিকে জেটি তৈরি হয়ে গেলে ভেসেল বা লঞ্চ চালু হবে। কিন্তু পুজালির দিকে জেটি তৈরি হয়ে গেলেও এখনো পর্যন্ত এই নদীপথে লঞ্চ বা ভেসেল পরিষেবা চালু করা যায়নি। কারণ চেঙ্গাইলের জেটিতে যাওয়ার রাস্তাই নেই। ফলে নৌকাতেই নদী পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এভাবে নদী পারাপার করা এক নিত্যযাত্রী নীলাদ্রি মুন্সি বলেন, জেটি থেকে বেরিয়ে মানুষ যেখান দিয়ে যাবে, সেটা মিলের রাস্তা। মিল অনুমতি না দেওয়ায় জেটি চালু করা যায়নি। ফলে উদ্বোধন হয়ে পড়ে আছে। শুনছি নদীর পাড় দিয়ে একটা রাস্তা করা হচ্ছে। সেটা তৈরি হয়ে গেলে জেটি চালু করা যাবে। তবে জেটি বানানোর আগে রাস্তার বিষয়টি প্রশাসন একবার ভালো করে দেখে নিলে এই সমস্যা হত না।        

Advertisement
সম্পর্কিত সংবাদ