বিকাল ৫ টার পর কত ভোট পড়েছে, হিসাব নেই ২০০টি আসনের: রিপোর্ট, ২০২৪-এ মহারাষ্ট্র, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে নির্বাচন নিয়ে অভিযোগ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দু’টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর। লোকসভা ও বিধানসভা মিলিয়ে মোট ২০০টি আসন। ২০২৪ সালের নির্বাচনে এই আসনগুলিতে বিকাল পাঁচটার পর ঠিক কত ভোট পড়েছে? এব্যাপারে নেই উপযুক্ত রেকর্ড? নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ নথি খতিয়ে দেখে এমনই বিস্ফোরক দাবি দ্য রিপোর্টার’স কালেকটিভ-এর। ‘ইলেকশন অডিট’ সিরিজের দ্বিতীয় পর্ব হিসাবে এই রিপোর্ট প্রকাশ করেছে তারা। প্রথম পর্বের রিপোর্টে দাবি ছিল, ২০২৪ সালের ভোটে এই তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫১টি আসনে মোট প্রদত্ত ভোট ও গণনার হিসাব মিলছে না। যদিও কমিশন তা মানতে রাজি হয়নি। এবার দ্বিতীয় পর্বের রিপোর্ট নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসের তোপ, কমিশন মোদির নির্দেশে এই ভোট চুরির ঘটনা সাজিয়েছে। দেশের প্রতি তা বিশ্বাসঘাতকতার শামিল। যদিও  অভিযোগ উড়িয়ে কমিশনের বক্তব্য, ফলপ্রকাশের পর ভোট সংক্রান্ত সব পরিসংখ্যানই ইনডেক্স কার্ডে প্রকাশ করা হয়। কমিশনের ওয়েবসাইটে তা থাকে। এক্ষেত্রেও সামগ্রিক তথ্য রয়েছে। ভোট যে কোনো সময়েই শেষ হোক না কেন, ‘বিকাল পাঁচটার পর আলাদা করে কোনো রেকর্ডে’র সংস্থান নেই বলেও স্মরণ করিয়ে দিয়েছে তারা। 

Advertisement

নয়া রিপোর্টে মহারাষ্ট্রের ১১৪টি, জম্মু ও কাশ্মীরের ৪৪টি এবং হরিয়ানার ২২টি আসনের রেকর্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উদাহরণস্বরূপ বলা হয়েছে, মহারাষ্ট্রে একনাথ সিন্ধের আসনে  বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১.১৩ লক্ষ ভোট নথিভুক্ত হয়েছিল। কিন্তু মোট ২.০৩ লক্ষ ভোট পড়েছে।  অর্থাৎ শেষ ঘণ্টায় প্রায় ৯০,০০০ ভোট পড়েছে। এর অর্থ ৩৬৬টি বুথে প্রতি মিনিটে গড়ে ৪টি করে ভোট পড়েছে। যা স্বাভাবিক ভোট প্রক্রিয়ায় অসম্ভব।    
কোনো বুথে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর লাইনে  থাকা ভোটারদের স্লিপ বিলি করা হয়। ২০২৪ সালের ভোটগ্রহণ শেষের নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা। দ্য রিপোর্টার’স কালেকটিভের প্রতিবেদনে দাবি, লোকসভা ও বিধানসভা মিলিয়ে মোট ৫৩০টি আসনে কমিশনের অভ্যন্তরীণ নথি খতিয়ে দেখে তারা ২০০টি আসনে বিকেল পাঁচটার পর ভোটগ্রহণের পরিসংখ্যানে গরমিলের হদিশ মিলেছে। নির্বাচনি স্বচ্ছতার জন্য এই রেকর্ড থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট শেষ না হওয়া পর্যন্ত প্রতি দু’ঘণ্টা অন্তর ইভিএমে কত ভোট পড়ল, তা নথিভুক্ত করতে হয় বুথ স্তরের আধিকারিকদের। একইসঙ্গে, কত ভোটার বুথে এসেছেন তা ফর্ম ৭-এ নামে পৃথক একটি রেজিস্টারে তুলতে হয়। স্বচ্ছতার প্রশ্নে এই দুই রেকর্ডে সামঞ্জস্য থাকাটা আবশ্যক। কিন্তু শেষ লগ্নের ভোটগ্রহণ সংক্রান্ত তথ্যের অভাব কমিশনের নিজের নিয়মই লঙ্ঘন করে। রিপোর্টে দাবি, মহারাষ্ট্র, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের ৪৬৭টি বিধানসভা ও ৬৩টি লোকসভা আসনের ভোটগ্রহণ সংক্রান্ত কমিশনের অভ্যন্তরীণ নথি খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে ২০০টি আসনের সব বুথেরই বিকেল পাঁচটার পরে ভোটগ্রহণ সংক্রান্ত রেকর্ডের হদিশ মেলেনি। শুধু তাই নয়, ২৩টি আসনে নির্ধারিত সময়ের পর ভোটারদের বিলি করা স্লিপের সংখ্যা রেকর্ড করেনি কমিশন।