দমদমে জোড়া দেহের ময়নাতদন্ত হয়নি, রহস্য উদ্ধারে ফরেনসিক তদন্তের সিদ্ধান্ত
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদম শেঠবাগানের বহুতল থেকে বাবা ও পালিত ছেলের দেহ উদ্ধারের ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনও রহস্যের উদঘাটন হয়নি। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে শনিবার দুই মৃতদেহের ময়নাতদন্তও হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধ ও তাঁর পালিত পুত্রের মৃত্যু হওয়ায় কাগজপত্র পেতে সমস্যা হচ্ছে। রবিবার ময়নাতদন্ত হতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান, বাবাকে খুন করে ছেলে আত্মঘাতী হতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। 

Advertisement

শুক্রবার সন্ধ্যায় নাগেরবাজার থানার পুলিশ দমদমের শেঠবাগান এলাকার একটি পাঁচতলা বহুতলের তিনতলার ফ্ল্যাট থেকে বৃদ্ধ তপন চট্টোপাধ্যায় (৭২) ও তাঁর পালিত ছেলে মহম্মদ সুরজ হোসেন ওরফে সূর্যের (২১) মৃতদেহ উদ্ধার করেছিল। ফ্ল্যাটের দরজা ভেঙে একটি ঘরের বিছানা থেকে বৃদ্ধ তপন চট্টোপাধ্যায়ের দেহ মেলে। অপর একটি ঘরে সূর্যের দেহ পাওয়া গিয়েছিল। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার খোলা অবস্থায় ছিল। তপনবাবুর শরীরে বড় কোনও আঘাত না থাকলেও কান থেকে রক্ত বেরিয়েছিল। তা দেখে পুলিশের অনুমান, মাথায় আঘাত না লাগলে কান থেকে রক্ত পড়তে পারে না।
শুধু তাই নয়, সূর্যের শরীরে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। এই সব দেখে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বাবাকে খুন করে পালিত ছেলে আত্মহত্যা করে থাকতে পারেন। যদিও কীভাবে খুন বা আত্মহত্যা, সেটি এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা জেনেছেন, পালিত পুত্র তেমন কিছু কাজকর্ম করতেন না। প্রাক্তন ব্যাঙ্ককর্মী বৃদ্ধের জমানো টাকা থেকে খরচ করতেন। এমনকী, ওই টাকা থেকে নেশাও করতেন। সেক্ষেত্রে আর্থিক কোনো বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে অশান্তি হয়ে থাকতে পারে। তার জেরে বাবাকে খুন করতে পারেন সূর্য। তবে সূর্যের মৃত্যু কীভাবে হল, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তদন্তকারীদের অনুমান, বিষাক্ত কিছু খাওয়ার জন্য তাঁর মৃত্যু ঘটতে পারে। সেক্ষেত্রেও নির্দিষ্ট তথ্য মেলেনি। তাই তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। পুলিশ সূত্রের খবর, ঘটনার ফরেনসিক তদন্ত হবে।